আওয়ামী লীগ ও তাদের মহাজোটের অংশীদার জাতীয় পার্টির (জাপা) মধ্যে ‘গভীর প্রেমে টানাপোড়েন’ চলছে বলে মন্তব্য করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
আগের দিন শনিবার ঢাকার একটি দৈনিকে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের একটি লেখা প্রকাশিত হয়। সেই লেখা উদ্ধৃত করে রিজভী বলেন, ‘এরশাদ এক সুবিশাল অভিমানমূলক অভিযোগনামা জাতির সামনে পেশ করেছেন। অভিযোগনামাটি পড়লে মনে হয়, শাসক দল আওয়ামী লীগ ও তাদের মহাজোটের অংশীদার জাতীয় পার্টির মধ্যে গভীর প্রেমে টানাপোড়েন চলছে। ভুল-বোঝাবুঝির ক্ষুব্ধ বহিঃপ্রকাশ ঘটেছে এরশাদের এই অভিযোগনামায়। এইচ এম এরশাদ প্রধানমন্ত্রীর কাছে কণ্ঠরুদ্ধ অভিমানে ফেটে পড়েছেন।’
‘ক্ষমতা আমি দখল করিনি, ক্ষমতা আমাকে দেওয়া হয়েছিল’—নিবন্ধে এরশাদের এমন দাবির সমালোচনা করে রিজভী বলেন, ‘ক্ষমতা টেকওভারের জন্য অনেক দিন ধরেই কখনো গোপনে এবং শহীদ জিয়ার মৃত্যুর পরে অনেকটা প্রকাশ্যেই তিনি ষড়যন্ত্র করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট অনেক রাজনীতিবিদ, গবেষক, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা অসংখ্য তথ্যনির্ভর গ্রন্থ রচনা করেছেন।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, নাটের গুরু এরশাদ ক্ষমতায় থাকাকালীন সেনাবাহিনীর মধ্যে এবং জনগণের মধ্যে বিভেদ ও বিভাজনকে উসকে দিয়ে নিজের ক্ষমতা কণ্টকমুক্ত করতে নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত থেকেছেন।