ফরিদপুরের চরভদ্রাসনের এমপিডাঙ্গির ঘাটটি অবৈধ। এই ঘাটের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেউ জড়িত নয়। সংবাদ সম্মেলনে এভাবে নিজের ও দলের অবস্থান তুলে ধরার চেষ্টা করলেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক। গত রোববার রাতে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত ও মৌখিক বক্তব্যে আওয়ামী লীগের নেতারা ওই ঘাটের সঙ্গে জড়িত নন বলে দাবি করলেও ঘাটটি স্থাপনের যৌক্তিকতা ও বৈধতা তুলে ধরার নিরন্তর চেষ্টা করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, নতুন ঘাট চালু হওয়ায় ট্রলারযাত্রীদের দুর্ভোগ, হয়রানি ও নির্যাতন কিছুটা হলেও লাঘব হয়েছে। দুই ঘাটের মধ্যে দূরত্ব চার-পাঁচ কিলোমিটার। ফলে আইনগত কোনো জটিলতা নেই, জনস্বার্থে ঘাটটি চালু হয়েছে। তবে ঘাট চালুর ব্যাপারে চরভদ্রাসন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা নেই। এক প্রশ্নের জবাবে আজিজুল হক বলেন, ‘এই ঘাটের ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহর সম্মতি আছে।’গত ২৮ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত অবৈধ নতুন ঘাটে অভিযান চালিয়ে তিন ট্রলার চালককে আটক করেন। তাদের মুক্ত করতে উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে জেলা প্রশাসকের কার্যালয়ে তদবির করতে দেখা গেছে। এ বিষয়ে প্রশ্ন করলে আজিজুল হক বলেন, ‘আমরা রাজনীতি করি। এলাকার কোনো লোক হয়রানি হলে আদর্শগত কারণেই আমরা তার পক্ষে দাঁড়াই।’ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান গত ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে ওই অবৈধ ঘাটে অভিযান চালিয়ে পাঁচটি স্পিডবোটের চাবি ও তেল জব্দ করেন। ওই সময় ট্রলারের তিন চালককে আটক করা হয়। ওই দিন বিকেলে তাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালত এলাকা ত্যাগ করার সঙ্গে সঙ্গে অবৈধ ঘাটটি পুনরায় আগের অবস্থা ফিরে পায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রশিদ বলেন, অবৈধ ঘাটটি এখনো চলছে। এ বিষয়ে জেলা প্রশাসনও অবগত। গোপালপুর এলাকার সরকারি ঘাটটি জেলা প্রশাসনের উদ্যোগে ইজারা দেওয়া হয়েছে। নতুন ঘাট সম্পর্কে জেলা প্রশাসনকেই উদ্যোগ নিতে হবে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অরুণ চন্দ্র মেহোত্তম জানান, ঘাটটি উচ্ছেদের জন্য ইতিমধ্যে একবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধ ওই ঘাটটি উচ্ছেদ করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।সরকার অনুমোদিত ঘাটকে উপেক্ষা করে স্থানীয় আওয়ামী লীগের নেতারা চরভদ্রাসন সদরের এমপিডাঙ্গিতে গত ২৪ নভেম্বর থেকে অবৈধ একটি ঘাট চালু করেন। এ ব্যাপারে গত ২৯ নভেম্বর প্রথম আলোয় ‘খেয়াঘাট নিয়ে আ.লীগ নেতাদের রাজনীতি’ শীর্ষক একটি খবর প্রকাশিত হয়।