রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ ও তাহেরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী প্রার্থীরা তৃণমূল এবং বিএনপির প্রার্থীরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন। আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নের জন্য স্থানীয়ভাবে জরিপ কমিটি গঠন করেছে। তবে বিএনপির প্রার্থীদের ভরসা কেন্দ্র।
গত মঙ্গলবার তফশিল ঘোষণার পর থেকে বিপাকে রয়েছেন মনোনয়ন-প্রত্যাশী প্রার্থীরা। হাতে সময় কম থাকায় প্রার্থী নির্বাচনেও বিড়ম্বনায় পড়ছেন দলীয় নেতারা। নাম প্রকাশ না করার শর্তে মনোনয়ন-প্রত্যাশী চারজন প্রার্থী ও তিনজন নেতা এই বিড়ম্বনার কথা জানিয়েছেন।
তবে আওয়ামী লীগ মেয়র পদে প্রার্থী নির্বাচনের জন্য ২১ নভেম্বর থেকে কাজ শুরু করেছে। আগের দিন ২০ নভেম্বর আওয়ামী লীগের উপজেলা শাখার কার্যকরী কমিটির সভায় প্রার্থী নির্বাচনের জন্য তিন সদস্যের একটি জরিপ কমিটি গঠন করা হয়। ভবানীগঞ্জ পৌরসভার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। তাহেরপুর পৌরসভায় বর্তমান মেয়র আবুল কালাম আজাদ ছাড়া দলের অন্য কোনো প্রার্থী না থাকায় ওই পৌরসভায় প্রার্থী নির্বাচনের জন্য জরিপ কমিটি গঠন করা হয়নি বলে দলের স্থানীয় চারজন নেতা জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ এনামুল হকের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
জরিপ কমিটির সদস্যরা তৃণমূল পর্যায়ে সভা করে তৃণমূল নেতা-কর্মীদের মতামত নিয়ে উপজেলা কমিটির কাছে প্রতিবেদন দাখিল করবেন। তাঁরা জেলার নেতাদের নিয়ে চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবেন বলে জানিয়েছেন দলের নেতারা। জরিপ কমিটির প্রধান ও আওয়ামী লীগের উপজেলা শাখার কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, তাঁরা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তৃণমূলের নেতা-কর্মীদের মতামত ও মাঠের বাস্তব চিত্র তুলে ধরে প্রতিবেদন দেওয়া হবে। পরে উপজেলা ও জেলা কমিটি চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবে।
ভবানীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী মেয়র পদপ্রার্থী উপজেলা কমিটির আইন-বিষয়ক সম্পাদক সাঈদ আলী ও সদস্য গোলাম মোস্তফা এবং পৌরসভা শাখার সভাপতি আবদুল মালেক ও সম্পাদক মামুনুর রশীদ জানান, তাঁরা তৃণমূলের দিকে তাকিয়ে আছেন। জরিপ কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। তাদের কাছ থেকে কোনো সংকেত না পাওয়ায় এখনো দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা অব্যাহত রেখেছেন।
তবে তাহেরপুর পৌরসভায় কোনো জরিপ কমিটি নেই। তাহেরপুর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মুনসুর রহমান বলেন, তিনি গত নির্বাচনে প্রার্থী ছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। বর্তমান মেয়র ও আওয়ামী লীগের তাহেরপুর শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে সমর্থন দিয়েছেন। আজাদই দলের একক প্রার্থী বলে জানান।
বর্তমান মেয়র আবুল কালাম আজাদ বলেন, তিনি দলের ভেতর থেকে সংকেত পেয়ে পুরোদমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারও দলকে তাহেরপুর পৌরসভার মেয়রের চেয়ারটি উপহার দেবেন বলে তিনি আশাবাদী।
তবে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু করলেও বিএনপি পারেনি। বিএনপির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান বলেন, তাঁরা কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সেখান থেকে কী নির্দেশনা আসে তার ওপর ভিত্তি করেই প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হবে। তবে তিনি দাবি করেন দলের প্রার্থী নির্বাচনে কোনো সমস্যা হবে না।
ভবানীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপির পৌরসভা শাখার সভাপতি আবদুর রাজ্জাক বলেন, তিনি এবারও দলের মনোনয়ন চাইবেন। দলীয় সংকেত পেলেই দলের প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করবেন। তবে হাতে সময় খুব কম এ জন্য কিছুটা সমস্যা বলেও জানান তিনি। মনোনয়ন-প্রত্যাশী আরেক প্রার্থী যুবদলের পৌরসভা শাখার সভাপতি শাহিনুর ইসলাম বলেন, তিনিও দলের মনোনয়ন চাইবেন। দলের সিদ্ধান্তের দিকে তিনি তাকিয়ে আছেন বলে জানিয়েছেন। মনোনয়ন-প্রত্যাশী তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আবু নঈম শামসুর রহমান এবং ছাত্রদলের পৌরসভা শাখার সভাপতি এস এ আরিফুল ইসলাম জানান, তাঁরাও কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।