আ.লীগ তৎপর বিএনপির ধীরে চলো নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর আটটি উপজেলার মধ্যে শুধু কলাপাড়া উপজেলার কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভায় নির্বাচন হবে। কুয়াকাটা পৌরসভা হওয়ার পর এবারই প্রথম সেখানে নির্বাচন হচ্ছে। দুটি পৌরসভায় দলের সমর্থন পেতে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা জোর তৎপরতা চালাচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, মেয়র পদের জন্য কলাপাড়ায় আওয়ামী লীগ থেকে পাঁচজন ও কুয়াকাটায় সাতজন মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন।
অন্যদিকে, কিছুটা ধীরে চলার নীতিতে অগ্রসর হতে চাইছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, মেয়র পদের জন্য কলাপাড়ায় বিএনপি থেকে তিনজন এবং কুয়াকাটায় একজন প্রার্থী রয়েছেন। এ দুটি পৌরসভায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এক মাস ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় বড় ডিজিটাল ব্যানার, ফেস্টুন টানিয়েছেন। তবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা এভাবে প্রচারণা না চালালেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি তাঁদের রয়েছে।
কলাপাড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি বিপুল হাওলাদার, সহসভাপতি দিদার উদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা কৃষক লীগের সদস্য সৈয়দ আকতারুজ্জামান কোককা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফিরোজ শিকদার। কুয়াকাটা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা, সাধারণ সম্পাদক মনির আহম্মেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বারী আজাদ, সাংগঠনিক সম্পাদক অনন্ত মুখার্জি, কুয়াকাটা পৌর যুবলীগের সভাপতি মো. সাগর মোল্লা এবং আওয়ামী লীগের নেতা মো. মোতালেব শরীফ।
কুয়াকাটায় মেয়র পদে বিএনপি থেকে লতাচাপলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক আবদুল আজিজ মুসল্লি এবং জাপা (এরশাদ) থেকে কুয়াকাটা পৌর জাপার আহ্বায়ক আনোয়ার হোসেন হাওলাদার মনোনয়নপ্রত্যাশী।
কলাপাড়া পৌরসভায় বিএনপি থেকে সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর ও কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য নুরুল হক মুন্সী মেয়র পদে নির্বাচন করতে চান।