আ.লীগ থেকে পদত্যাগ করে বিএনপির প্রচারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর ধরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ নাজমুল হুদা। ২০১৩ সালে এই পদ ছাড়লেও ছিলেন দলের সঙ্গে। কিন্তু হঠাৎ দল ছেড়ে পৌর নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী রেজাউল করিমের পক্ষে প্রচারণায় নেমেছেন তিনি। এ বিষয়ে তাঁর বক্তব্য, ‘বিএনপির প্রার্থীর প্রতি ভালোলাগা থেকেই তাঁর পক্ষে কাজ করছি।’ ঘটনাটি বিএনপির প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে বলে জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, ১৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলীর কাছে পদত্যাগপত্র দিয়ে দলের সাধারণ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হুদা।
পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, নাজমুল হুদা ২২ বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি আক্কেলপুর পৌরসভার দুটি নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রার্থীও ছিলেন। ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে গোলাম মাহফুজ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই নাজমুল হুদা দলে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, নাজমুল হুদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তবে তিনি মনোনয়ন চাননি। স্বতন্ত্র প্রার্থীও হননি। তিন-চার দিন আগে থেকে হঠাৎ করেই তিনি জেলা বিএনপির সহসভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফার সঙ্গে বিএনপির মেয়র পদপ্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ক্ষমতাসীন নেতা-কর্মীদের দাবি, নাজমুল হুদা বিএনপিতে যোগ দিয়েছেন।
বিএনপির একটি সূত্র জানায়, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি তাঁকে মনোনয়ন দেবে—এমন শর্তে নাজমুল হুদা দলটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন।
যোগাযোগ করা হলে নাজমুল হুদা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, তিনি ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে অব্যাহতি নিয়েছেন। বিএনপির প্রার্থীর প্রতি ভালোলাগা থেকে তিনি তাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বিএনপিতে যোগ দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি পরে বলব।’ তিনি কোনো শর্ত দিয়ে বা মেনে বিএনপির প্রার্থীর পক্ষে নামেননি বলে জানান।
বিএনপির সাবেক সাংসদ গোলাম মোস্তফা বলেন, ‘বিএনপিকে ভালোলাগা ও ভালোবাসা থেকে নাজমুল হুদা আমাদের সঙ্গী হয়েছেন। তিনি কোনো শর্তে আমাদের সঙ্গে আসেননি।’
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘নাজমুল হুদার মতো লোক নৌকা থেকে নেমে গেলেও নৌকার ওজন একটুও কমবে না।’
এই পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের বিদ্রোহী প্রার্থী আছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মুঠোফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক (সাময়িক বহিষ্কৃত) এনায়েতুর রহমান আকন্দ। তাঁর প্রতীক নারকেলগাছ।