সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে
বিএনপি একক প্রার্থী সমর্থন দিয়েছে। ফলে বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন ভোটাররা। এখানে ২৩ মার্চ ভোট গ্রহণ হবে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ একজনকে সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। এটা না মেনে প্রতিযোগিতায় রয়েছেন দলের আরও চারজন। সাংসদের সিদ্ধান্তের সঙ্গে জেলা আওয়ামী লীগের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান। আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে আবদুল আউয়াল, ফখরুল ইসলাম চৌধুরী, এ কে এম খসরুজ্জামান, শামীম আহমেদ বিলকিস ও শামীম আহমেদ মুরাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার বলেন, ‘চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ মুরাদকেই দল সমর্থন দিয়েছে। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে গত ১৭ ও ১৯ ফেব্রুয়ারি দলীয় কার্যালয়ে এ সিদ্ধান্ত হয়েছে। তিনিই বিজয়ী হবেন বলে আমরা আশা করছি।’ আরেক চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ বিলকিস বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়ে স্থানীয় সাংসদ ক্ষমতার জোরে শামীম আহমেদ মুরাদকে চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।’
সাংসদের এ সিদ্ধান্ত মেনে নেননি আরেক চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘সাংসদের একপেশে সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগ একক প্রার্থী দিতে পারেনি। এতে দলের স্থানীয় নেতা-কর্মীরা কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছেন। সাংসদের এহেন আচরণের প্রতিবাদে আমিও প্রার্থী হয়েছি। এ উপজেলায় আওয়ামী লীগের পরাজয় ঘটলে দলীয় ফোরামে সাংসদকেই জবাবদিহি করতে হবে।’
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি কোনো প্রভাব খাটাইনি। তৃণমূলের নেতা-কর্মীরা কণ্ঠভোটের মাধ্যমে দল-সমর্থিত প্রার্থী হিসেবে শামীম আহমেদ মুরাদকে নির্বাচিত করেছেন।’
বিএনপি থেকে চেয়ারম্যান পদে আবদুল মোতালিব খান, সাইফুল ইসলাম চৌধুরী ও রাসেল আহমেদ প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু গত সোমবার উপজেলায় দলের এক সমাবেশে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে নেতারা ঐকমত্যে পৌঁছান। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি রফিক চৌধুরী একক প্রার্থী হিসেবে আবদুল মোতালিব খানের নাম ঘোষণা করেন। আবদুুল মোতালিব খান বলেন, ‘আমি দলের কেন্দ্রীয় কমিটি থেকে সমর্থন পেয়েছি। তাই আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’ মধ্যনগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমদ বলেন, ‘আমি বিএনপির প্রার্থী হিসেবে কোথাও প্রচারণা চালাচ্ছি না। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ভোটযুদ্ধে নেমেছি।’