বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। দলটিতে এখন আর এমন কোনো নেতা নেই, যাঁকে দিয়ে দলীয় সংবাদ সম্মেলন করানো যায়। তাই প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে উল্টাপাল্টা কথা বলানো হচ্ছে।গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তাঁর দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সব নেতা-কর্মীর মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের কড়া সমালোচনা করেন মির্জা ফখরুল। অতীতের কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে বলে সম্প্রতি এইচ টি ইমামের দেওয়া বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমা আপনাকে চাইতে হবে। কারণ আপনি সেই ব্যক্তি, যিনি মোশতাক সরকারকে শপথ পড়িয়েছিলেন।’বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে আওয়ামী লীগের বিভিন্ন নেতার দেওয়া বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই সরকারের গত আড়াই বছরে কোনো সফলতা নেই। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে। লিমনের মতো একজন তরুণ শিকার হয়েছে বিচারবহির্ভূত নির্যাতনের।মির্জা ফখরুল অভিযোগ করেন, বিচারপতি খায়রুল হক জ্বালিয়ে ভেজে সংবিধান খেয়ে ফেলেছেন। সরকার ক্ষমতা পাকাপোক্ত করতে তাঁকে দলীয় তত্ত্বাবধায়ক সরকারপ্রধান করে নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাঁকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হলে সেই নির্বাচন মেনে নেওয়া হবে না।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শুরুর আগে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।