বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশ শাসনের নামে পাঁচ বছর ধরে দেশের মানুষের ওপর অপশাসন চালিয়েছে। মানুষের জন্য কাজ না করে তারা শুধু সন্ত্রাস, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবজি, খুন ও গুমের রাজনীতি করেছে। তাদের দলের নেতা-কর্মীকে দিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। পদ্মা সেতুর দুর্নীতির কথা সবাই জেনে গেছে। লুট হয়েছে শেয়ারবাজার। ১০ টাকা সের চাল খাওয়ানোর কথা বললেও চালের দাম এখন ৪০ টাকা এবং পেঁয়াজের কেজি হয়েছে ১০০ টাকা। এই সরকার বিরোধী দলকে গালিগালাজ ছাড়া দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন করতে পারেনি।
গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার ধুনটে এনইউ পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে বিকল্পধারা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বিকল্পধারার কেন্দ্রীয় সহসভাপতি মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও বিকল্পধারার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুর রউফ। জনসভায় যুবধারার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, বিকল্পধারার বাণিজ্যবিষয়ক সম্পাদক খন্দকার যুবায়ের হোসেন, বিকল্পধারার ধুনটের সভাপতি মো. আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।