আ.লীগ নামধারী চক্রের বিরুদ্ধে বাগিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের প্রায় কোটি টাকার দরপত্র আওয়ামী লীগ নামধারী একটি চক্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দরপত্র জমা দিতে না পেরে বিক্ষুব্ধ ঠিকাদারেরা গত বুধবার দরপত্র বাতিলের জন্য গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন বলে জানা গেছে।মেসার্স প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনাল, মেসার্স মুশফিকুর রহমান ট্রেডার্স, মেসার্স খাইরুল কবির ট্রেডার্স, শাহা এন্টারপ্রাইজ, মনোয়ার এন্টারপ্রাইজ, মতলুবুর রহমান ও হাসান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী ব্যক্তিরা লিখিতভাবে জানান, গণপূর্ত বিভাগের অধীনে প্রায় ৯৮ লাখ টাকা ব্যয়ে কুড়িগ্রাম টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) অধ্যক্ষের বাসভবন নির্মাণকাজের শিডিউল বিক্রির শেষ দিন ছিল গত সোমবার। ১৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল কেনে। দরপত্র জমার দিন (গত মঙ্গলবার) নির্ধারিত সময়ের মধ্যে তাদের দরপত্র গণপূর্ত বিভাগের কার্যালয়ে রক্ষিত বাক্সে ফেলতে দেওয়া হয়নি।ঠিকাদারেরা আরও জানান, দরপত্র জমার নির্ধারিত স্থান ছিল স্থানীয় গণপূর্ত কার্যালয়। জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল করিমের ছত্রছায়ায় হায়দার আলী নামের একজন ঠিকাদারের একদল সন্ত্রাসী গণপূর্ত কার্যালয় চত্বর দখলে নিয়ে তাঁদের দরপত্র ফেলতে বাধা দেয়। তারা দরপত্র কেড়ে নেয় ও ঠিকাদারদের লাঞ্ছিত করে। এ সময় রফিক কনস্ট্রাকশনের নামে ৯৯ লাখ ৯২ হাজার টাকা এবং কর কনস্ট্রাকশনের নামে এক কোটি পাঁচ হাজার টাকা দর দিয়ে দুটি দরপত্র জমা দেওয়া হয়। অভিযোগ পেয়ে র‌্যাব ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা সটকে পড়ে। এ সুযোগে রংপুরের সোহেল পারভেজ কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৮৯ লাখ ৮৯ হাজার টাকা দরে দরপত্র জমা দেয় ও নিম্ন দরদাতা হয়। পরে এ দরপত্র জমার বিষয়টি জানতে পেরে চক্রটি নতুন কৌশল নেয়। তারা অফিসের লোকজনের সহায়তায় সোহেল পারভেজ কনস্ট্রাকশনের দর জেনে রফিক কনস্ট্রাকশনের নামে শতকরা ১৫ ভাগ কম দরে কাজটি করতে ১৫০ টাকার স্ট্যাম্পে সংশোধিত দর দাখিল করে। এভাবে সর্বনিম্ন দরদাতা হয়ে চক্রটি এখন কাজটি নেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে আবদুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে অন্যদের দরপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে হায়দার আলী জানান, বিধি আছে বলে সংশোধিত দরপত্র জমা দেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘জমা দেওয়া দরপত্রগুলো এখন যাচাই-বাছাই হচ্ছে।’