আ.লীগ নির্বাচনে হারলে লিমনের ঘটনা হবে অন্যতম কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে নিয়ে যা হচ্ছে, তাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে এটা হবে অন্যতম কারণ। শহীদ জননী জাহানারা ইমামের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বিএনপি-জামায়াতের নির্যাতন এবং অপরাধ থেকে দায়মুক্তির সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভায় একাধিক বক্তা এ কথা বলেন। ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আয়োজক ছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সভার প্রধান অতিথি আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ২০০১ সালে কারা সংখ্যালঘু নির্যাতন করেছে, তা চিহ্নিত হয়েছে। এখন রাষ্ট্রের দায়িত্ব তাদের বিচার নিশ্চিত করা। সরকার তা করবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, ‘লিমনের ঘটনা সারা দেশে আলোচিত। আপাতদৃষ্টিতে কিছু ত্রুটি দেখা যায়, হয়েছে। এই বিষয়ে আমাদের বক্তব্যেও ত্রুটি থাকতে পারে। আমি এ ধরনের ঘটনার বিপক্ষে।’ বিভিন্ন সংস্থা লিমনের ঘটনা তদন্ত করছে। প্রয়োজনে আরও উন্নত তদন্ত করা হবে। ২০০১ সালে সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন মানুষকে নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এখনো মামলা করতে পারবে। সরকার সব ধরনের সহায়তা দেবে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্দেশে বলেন, লিমনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের নির্দেশ দিন। ‘আজ এখানে ২০০১ সালে পূর্ণিমাকে ধর্ষণের কথা মনে করে আবেগময় বক্তব্য দিতে হচ্ছে। আগামীতে লিমনকে নিয়েও যেন কাউকে এমন বক্তব্য দিতে না হয়। পূর্ণিমা আমাদের আপন। লিমনও পর নয়।’ অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনে পরাজিত হলে, তার অন্যতম কারণ হবে লিমন। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘র্যাব-পুলিশকে অবশ্যই সমর্থন করবেন। তবে তারা যদি চার্টারের বাইরে কাজ করে, ব্যবস্থা নিন। নতুবা অতীতের মতো বুমেরাং হয়ে যাবে।’ মুনতাসীর মামুন ২০০১ সালে সারা দেশে বিএনপি-জামায়াতের নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তার জন্য একটি তহবিল গঠন এবং দায়ী হিসেবে চিহ্নিতদের দ্রুত শাস্তি দেওয়ার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে অধ্যাপক কবীর চৌধুরী বলেন, অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, স্বচ্ছতা বজায় রেখে যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া দ্রুত করতে হবে। সভায় শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী, রানা দাশগুপ্ত, শাহরিয়ার কবির প্রমুখ বক্তব্য দেন।