চতুর্থ দফার নির্বাচনে চারটি উপজেলার সব কটি এবং এর বাইরে আরও অন্তত ১৮১টি কেন্দ্র ক্ষমতাসীনেরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আজ রোববার চতুর্থ দফার ভোট গ্রহণ শেষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। ক্ষমতাসীনদের ‘দখলের’ প্রতিবাদে দলের পক্ষ থেকে শিগগির কর্মসূচি দেওয়া হবেও তিনি জানান।
রিজভী বলেন, ‘উপজেলা নির্বাচনে বিএনপি অগ্রগামী দেখে ক্ষমতাসীনেরা তাদের নীলনকশা পরিবর্তন করে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে।’
রিজভী আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগ কেন্দ্র দখল, ছিনতাই, বিএনপি সমর্থকদের মারধর করেছে, ভোটারদের ভোট দিতে বাধা দিয়েছে। সেনাবাহিনীকে নির্বাচন কমিশন চিঠি দিয়েছিল, কিন্তু এত তাণ্ডবের কোনো প্রতিকার পাওয়া যায়নি।
রিজভী দাবি করেন, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন এবং পটুয়াখালী সদর ও দুমকি উপজেলার সব কটি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ।