আ.লীগ নেতা অসীমসহ ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত পশুপতি বরকন্দাজ হত্যা মামলার বিচারিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুম গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন।প্রতিবেদনে এর আগে অব্যাহতি পাওয়া ১৪ জনকে মামলায় অন্তর্ভুক্ত করে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে। এ ছাড়া মামলার তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে তথ্য-উপাত্ত গায়েব করে মামলা ভিন্ন পথে প্রবাহিত করার অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। শ্যামনগরের মুন্সিগঞ্জের চুনকুড়ি এলাকার ঢাকা ঘেরের ব্যবস্থাপক পশুপতি বরকন্দাজকে ২০১০ সালের ২৭ এপ্রিল কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ওই দিন বেলা আড়াইটার দিকে মারা যান তিনি। বরকন্দাজের মেয়ে বিজলী বালা বাদী হয়ে ওই দিন রাতেই শ্যামনগর থানায় হত্যা মামলা করেন। এতে স্থানীয় আওয়ামী লীগের নেতা ও তৎকালীন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম কুমার মৃধাসহ ৩৭ জনকে আসামি করা হয়। পুলিশ সূত্র জানায়, কয়েকজনের হাত ঘুরে ৪ নভেম্বর মামলাটি তদন্তের দায়িত্ব পান সাতক্ষীরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আমীর হোসেন। তিনি অসীম মৃধাসহ এজাহারভুক্ত ১৪ জনের নাম বাদ দিয়ে ২৭ জনের বিরুদ্ধে ২০১১ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ১৭ এপ্রিল মামলার বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। এরপর ৩ এপ্রিল আদালত মামলার বিচারিক তদন্তের নির্দেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ তদন্ত শেষে বৃহস্পতিবার সংশ্লিষ্ট আদালতে ২৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ইউপি চেয়ারম্যান অসীম মৃধার বিরুদ্ধে আসামিদের বরকন্দাজকে হত্যার নির্দেশনা দেওয়া এবং গুরুতর আহত বরকন্দাজকে উদ্ধারকারী ছয়জনকে ইউপি কার্যালয়ে আটকে রেখে বরকন্দাজের মৃত্যু নিশ্চিত করার অভিযোগ সত্য বলে মত দেওয়া হয়েছে। সিআইডির অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া ১৩ জনের বিরুদ্ধে হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেওয়ার বিষয়টি সত্য বলেও মতামত দেওয়া হয়েছে। এ ১৪ জনকে মামলায় অন্তর্ভুক্ত করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সুপারিশ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সিআইডির পরিদর্শক আমীর হোসেনের বিরুদ্ধে মামলার নথি থেকে তথ্য-উপাত্ত গায়েব ও মামলার গতি ভিন্নপথে প্রবাহিত করার অভিযোগ আনা হয়েছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।