নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ এস এম আকরামের পক্ষে তাঁর দুই ভাই সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাঁদের ভাই সাবেক সাংসদ এস এম আকরাম সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁদের বোনেরা ২৫ বছর ধরে পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে রেখেছেন। ভাইদের কাছ থেকে মাসিক ভাড়ায় বাড়ি নিলেও তাঁরা এ পর্যন্ত কোনো ভাড়া দেননি। গতকাল শহরের ডিআইটি এলাকায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আকরামের দুই ভাই আনোয়ার আশরাফ ও মহিউদ্দিন আলতাফ। তাঁদের বড় বোন নূরজাহান আক্তারের ছেলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহম্মেদ, নারায়ণগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ উপস্থিত ছিলেন। যানজটের কারণে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি বলে তাঁরা জানান।লিখিত বক্তব্যে আনোয়ার আশরাফ বলেন, ‘বাবার মৃত্যুর পর কোনো সম্পত্তির ভাগবাটোয়ারা করা হয়নি। শহরের থানা পুকুরপাড় লয়েল ট্যাংক রোড এলাকার বাড়িতে ২৫ বছর ধরে বোন নাসিমা বাস করছেন। এ পর্যন্ত তিনি কোনো ভাড়াও দেননি। আরেক বোন রুখসানা হোসেন শহরের চেম্বার রোড এলাকায় অবস্থিত আরেকটি বাড়ি দখল করে রেখেছেন। আমরা সব ভাইবোন একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, থানাপুকুর এলাকার বাড়িটি বিক্রি করে যার যতটুকু পাওনা তাঁকে তা বুঝিয়ে দেওয়া হবে। প্রথমে বাড়িটি কিনতে বোন নাসিমাকেই প্রস্তাব দেওয়া হয়। তিনি এত টাকায় বাড়ি কিনতে অস্বীকৃতি জানান। এজন্য ক্রেতা খোঁজা শুরু হয় এবং সর্বোচ্চ ক্রেতার কাছে ছয় কোটি টাকায় বাড়িটি বিক্রির জন্য বায়না করা হয়। কিন্তু আমাদের তিন বোন বাড়ি নিজেদের দখলে রাখতে বিক্রিতে বাধা দেন। উল্টো তাঁরা আমাদের বড় ভাই এস এম আকরামকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাঁর সম্পর্কে মিথ্যা প্রচার চালাচ্ছেন।’