ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদকে (৫০) রিমান্ডে নিয়েছে পুলিশ। শুনানি শেষে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শরাফ উদ্দিন গতকাল রোববার তাঁর রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আবদুল আহাদের মুক্তির দাবিতে নাসিরনগরে গতকাল হিন্দু সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করেছেন। ঘোষপাড়ায় উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুর রশিদের বাড়ি প্রাঙ্গণে এ বিক্ষোভ হয়।
পুলিশের আদালত পরিদর্শক (ইন্সপেক্টর) মাহাবুবুর রহমান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন গ্রেপ্তার শেখ আবদুল আহাদের দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আহাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে গত বুধবার আহাদকে জেলগেটে চার দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালত।
ঘোষপাড়ায় বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় কাপড় ব্যবসায়ী বিজয় ঘোষ বলেন, ‘হামলার দিন শেখ আবদুল আহাদ আমাদের রক্ষা করেছেন। এ সময় তিনি নিজেও আহত হন। অথচ তাঁকেই গ্রেপ্তার করা হয়েছে।’ মহাকাল পাড়ার অনিল দাস, মোহন লাল দাস বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজন আহাদের বিরুদ্ধে অভিযোগ আনেননি। তবুও তাঁকে গ্রেপ্তার করা হলো।
গত মঙ্গলবার উপজেলা সদরের ঘোষপাড়ার গ্রামের বাড়ি থেকে আহাদকে গ্রেপ্তার করে পুলিশ। গত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ে পরাজিত হন।
ফেসবুকে ধর্ম অবমাননার একটি অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। এরপর আরও কয়েক দফায় সেখানে একই রকম ঘটনা ঘটে। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। পুলিশ এ পর্যন্ত ১০৪ জনকে গ্রেপ্তার করেছে।