আ.লীগ নেতা এম এ আজিজের ইন্তেকাল

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ (৬৮) আর নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাজা হয় বাদ মাগরিব বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। দ্বিতীয় জানাজা বাদ এশা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
গতকাল সকালে এম এ আজিজ পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ও রাজনৈতিক নেতারা আলাদা শোকবাণী পাঠিয়েছেন। বিকেলে প্রধানমন্ত্রী এ এম আজিজের বাসায় গিয়ে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী মরহুমের স্মৃতিচারণা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। দলীয় সভাপতি শেখ হাসিনা প্রায় পৌনে এক ঘণ্টা এম এ আজিজের বাসায় অবস্থান করেন।
এম এ আজিজ স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে উমর বিন আবদুল আজিজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
দলীয় কার্যালয়ের সামনের জানাজা শেষে মরদেহে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতারা শ্রদ্ধা জানান। পরে একে একে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানায়।