আ.লীগ নেতা ও ছেলেদের এ কেমন নিষ্ঠুরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে এক কলেজছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।রাজধানীর একটি টেক্সটাইল কলেজের ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থী মো. রাজিবকে (১৭) বুধবার ভোরে গুরুতর অবস্থায় বেতাগী থানার পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে বিকেলেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার দুই চোখ, মুখমণ্ডল ও মাথা আঘাতে ফুলে গেছে। থেঁতলে গেছে বাঁ হাত ও পা। ভেঙে দেওয়া হয়েছে চারটি দাঁত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে এ ঘটনায় ওই থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে রাজিবের পরিবার। তবে রাজিবের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা বাবুল মৃধার স্ত্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য কুরসিয়া বেগম একটি হত্যাচেষ্টার মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার মোকামিয়া বাজারে রাজিবকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও অর্ধদিবস হরতাল কর্মসূচিও পালন করেন স্থানীয়রা। এ সময় এক সমাবেশে বক্তৃতা দেন বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সোবহান, ব্যবসায়ী মেসবাহ উদ্দীন, শাহ আলম মিয়া প্রমুখ। তাঁরা অবিলম্বে বাবুল মৃধা, তাঁর দুই ছেলে ও সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রাজিবের পরিবারের ভাষ্য অনুযায়ী, করুণা গ্রামের আবদুল মান্নান হাওলাদারের ছেলে রাজিবকে তার সহপাঠী শাওন (বাবুল মৃধার ছেলে) দাওয়াতের নামে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় তাঁদের বাড়িতে ডেকে নেন। সেখানে যাওয়ার পর বাবুল মৃধার নির্দেশে শাওন, তাঁর ভাই শাহীন, সহযোগী জসিম আকন ও মোশারেফ আকন রাজিবকে ধরে বাড়ির দোতলায় নিয়ে হাত-পা বেঁধে ফেলেন। এরপর মুখে কাপড় গুঁজে শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে বাবুল মৃধা পুলিশকে এ বলে খবর দেন, এক যুবক তাঁকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে ঢুকলে তিনি লোকজনকে নিয়ে তাকে আটক করেছেন। পরে পুলিশ গিয়ে রাজিবকে ওই বাড়িতে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনা নিয়ে বাবুল মৃধা বলেন, ‘আমি রাজিবকে ডেকে আনিনি। সে আমাকে খুন করতে রাতে বাড়িতে ঢুকে খাটের নিচে ছোরা নিয়ে লুকিয়ে ছিল। আমার ছেলেরা টের পেয়ে তাকে ধরে ফেলে। এ সময় আমি বাইরে একটি দাওয়াতে ছিলাম। বাড়িতে এসে থানায় খবর দিই।’ মারধর প্রসঙ্গে বাবুল মৃধা বলেন, ‘হয়তো আমি বাড়ি আসার আগে ছেলেরা সামান্য মারধর করেছে।’ রাজিবের সঙ্গে আপনার শত্রুতা ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, ওদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ ওকে পাঠিয়েছে।’ বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুস্তম আলী গতকাল প্রথম আলোকে বলেন, ‘যেভাবে তাকে আঘাত করা হয়েছে, তাতে তার দেহের ভেতর মারাত্মক জখমের আশঙ্কা রয়েছে। অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাকে বরিশালে স্থানান্তরের পরামর্শ দিই।’ রাজিবের বড় ভাই হাসিবুর রহমান বলেন, ‘রাজিবের চোখ, নাক ও মুখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। ঘটনার রাতে শাওন তাকে ওদের বাড়িতে দাওয়াত করে নিয়ে যায়। বুধবার সকালে কিছু সময়ের জন্য রাজিবের জ্ঞান ফিরলে সে নির্যাতনের কথা জানায়। পরে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।’ বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আমিন বলেন, ‘খবর পেয়ে আমরা ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছি। ওদের (রাজিব) পক্ষ থেকে কেউ মামলা করতে আসেননি।’