আ.লীগ নেতা ও তাঁর ভাইকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলীতে ঘটনার ৩৮ বছর পর দায়ের করা হত্যা মামলায় পুলিশ চার মাস তদন্ত শেষে আওয়ামী লীগের অভিযুক্ত একজন নেতা ও তাঁর ভাইকে অব্যাহতি দিয়ে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে।১৯৭৩ সালে একই দিনে পাঁচজনকে হত্যার অভিযোগ এনে গত ৩ জুলাই আমতলীর বিচারিক হাকিমের আদালতে তালতলী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বর্তমানে উপদেষ্টা) রমজান আলী সিকদার ও তাঁর ছোট ভাই আমতলীর পচাকোরালিয়া (পিকে) মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রশিদ সিকদারের বিরুদ্ধে মামলা হয়। বরগুনা সদর থানার আমড়াঝুরি গ্রামের নাসির মল্লিক এ মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে তালতলী থানাকে নির্দেশ দিয়েছিলেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা শামসুল হক গত ১২ জুলাই মামলাটি গ্রহণ করে চার মাস তদন্ত শেষে মামলার দুই আসামি রমজান আলী সিকদার (৭৫) ও আবদুর রশিদ সিকদারকে (৫৫) অব্যাহতি দিয়ে ১২ নভেম্বর আদালতে আলী আহম্মদ দফাদার, আলী আকব্বর চৌকিদার, আফেজ চৌকিদার, সেকান্দার আকন, ছত্তার পাহলান, রশিদ খাঁ, নুরু তালুকদার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মৃত হাসান তালুকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। হাসান তালুকদার ও নুরু তালুকদার মারা যাওয়ায় অভিযোগপত্র থেকে তাঁদের নাম বাদ দেওয়ার প্রস্তাব করা হয়।তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রে উল্লেখ করেন, রমজান আলী শিকদার ঘটনার দিন ঢাকায় ছিলেন এবং আবদুর রশিদ শিকদার পিকে মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপস্থিত ছিলেন।মামলায় বাদী অভিযোগ করেন, ইউপি নির্বাচনে বিরোধিতা করায় ১৯৭৩ সালের ৩১ মার্চ তৎকালীন পচাকোরালিয়া ইউপির চেয়ারম্যান রমজান আলী সিকদার লোকজন নিয়ে হাঁড়িপাড়া গ্রামের তাঁর (বাদীর) চাচি রেণু বেগম ও চাচাতো ভাই ইদ্রিসকে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করেন এবং দুই চাচা করিম মল্লিক ও মোতালেব মল্লিককে ধরে নিয়ে যান। এ ঘটনার পরপরই তারা বাদীর ওই দুই চাচা এবং নলবুনিয়া গ্রামের আমজেদ হোসেনকে ছোটবগী কমিউনিটি সেন্টারে ধরে নিয়ে গুলি করে তাঁদের হত্যা করেন। বাদী অভিযোগ করেন, নিহত ব্যক্তিদের লাশ টুকরো টুকরো করে পায়রা নদীতে ফেলে দেওয়া হয়। নাসির মল্লিক জানান, নাবালক থাকায় এবং জীবনের নিরাপত্তার ভয়ে সে সময়ে মামলা করতে পারেননি।অভিযুক্ত রমজান আলী সিকদার মুঠোফেনে বলেন, ‘১৯৭৩ সালের এ রকম একটি ঘটনার কথা শুনেছি। তবে এ বিষয়ে আমাদের পরিবারের কোনো সম্পৃক্ততা ছিল না। আমাদের প্রতিষ্ঠিত পিকে মাধ্যমিক বিদ্যালয় নিয়ে স্থানীয় পর্যায়ে কিছু সমস্যা চলছে। সে কারণে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে।’১৯৭৩ সালে নিহত করিম মল্লিকের ছেলে আলম মল্লিক বলেন, ‘অভিযোগপত্রে মূল হত্যাকারীদের আড়াল করা হয়েছে। এর বিরুদ্ধে আদালতে আপিল করব।’ বাদী পক্ষের আইনজীবী আবদুল আজিজ বলেন, ‘অভিযোগপত্রে মূল আসামিদের অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করব।’