আ.লীগ নেতা ওবায়দুল কাদেরের ভাইয়ের আত্মহত্যা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সাংসদ ওবায়দুল কাদেরের ছোট ভাই দেলোয়ার হোসেন (২৮) আত্মহত্যা করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুররহাট পৌর এলাকায় নিজ বাড়ির পাশের একটি মুরগির খামারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় দুই বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ সময়ের মধ্যে তাঁকে বিদেশে নিয়ে গিয়ে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু তাতেও তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি। গতকাল দুপুর একটার দিকে দেলোয়ার বাড়ির পুকুরে গোসল শেষে পাশের একটি পরিত্যক্ত মুরগির খামারে কাঠের আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দেলোয়ার ১১ ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন । ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, খবর পেয়ে তিনি নিজে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে দেলোয়ারের লাশ নামিয়ে আনেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।