আ.লীগ নেতা-কর্মীদের পকেটে ১৯ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বাগদা চিংড়ি চাষ প্রযুক্তি সম্প্রসারণ করার লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলায় বরাদ্দ অফেরতযোগ্য প্রায় ১৯ লাখ টাকা প্রকৃত চাষিদের পরিবর্তে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ডুমুরিয়া উপজেলার বাসিন্দা না হয়েও দুই ব্যবসায়ী ওই আর্থিক সুবিধা পেয়েছেন।উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বাগদা চিংড়ি চাষ প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় বাগদা চিংড়ি ঘেরের অবকাঠামো উন্নয়নের জন্য ১৪ জন মৎস্যচাষির প্রত্যেককে এক লাখ টাকা করে অফেরতযোগ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া মাছের রেণুপোনা ক্রয় ও উপকরণ কেনার জন্যও তাঁদের মধ্যে সাতজনকে বিনাসুদে আরও ৬৬ হাজার ৬৬৬ টাকা করে ঋণ দেওয়া হয়েছে। অফেরতযোগ্য এক লাখ ও সুদমুক্ত ঋণের সুবিধাভোগী হলেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের ছেলে সত্যজিৎ চন্দ্র চন্দ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, শরাফপুরের ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম, গুটুদিয়া ছাত্রলীগের কর্মী সৌমিত্র রায়, গোলনা গ্রামের সরজিৎ রাহা এবং খুলনা শহরের বাসিন্দা রামকৃষ্ণ কুণ্ডু ও সুশিল দত্ত। তাঁদের অধিকাংশই নিয়ম রক্ষা করার জন্য চিংড়ি ঘেরের কাগজপত্র দাখিল করেছেন। আর শুধু অফেরতযোগ্য এক লাখ টাকার সুবিধা পেয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান শোভা রাণী হালদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরহাদ হোসেন জোয়াদ্দার, আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক শেখ হামিদুর রহমান, উপজেলা যুবলীগের কর্মী কাজী আলমগীর হোসেন, কথিত যুবলীগের কর্মী শাহনেওয়াজ শিমুল, আওয়ামী লীগের কর্মী বয়ারসিং গ্রামের শংকর প্রসাদ সরদার ও বাদুরগাছা গ্রামের গিরিশ চন্দ্র ঢালী।ডুমুরিয়ার সিংগার বিলে গিয়ে জানা যায়, হ্যাচারি ব্যবসায়ী রামকৃষ্ণ কুণ্ডু ও সুশীল দত্ত দিঘুল রায়ের ইজারা নেওয়া ২৮ বিঘার ঘের থেকে এ বছর সাত বিঘা ইজারা নিয়েছেন। সেখানে তাঁরা মাছের পোনা রেখে বিক্রি করেন। রামকৃষ্ণ কুণ্ডু ও সুশীল দত্ত মুঠোফোনে জানান, তাঁরা দুজনই খুলনা শহরের বাসিন্দা। তবে সম্প্রতি ডুমুরিয়ার বাসিন্দা হিসেবে কাগজপত্র করেছেন। সাংসদপুত্র সত্যজিৎ চন্দ্র চন্দ বলেন, শরাফপুরের রবিউল ইসলামের জমি ইজারা নিয়ে তিনি কাগজপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান শোভা রাণী হালদার বলেন, ‘আমি নিয়ম মেনে আন্দারমানিক বিলে জমি ইজারা নিয়ে চিংড়ি চাষ করছি।’ খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ সুবিধাভোগী মৎস্য কার্যালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার সঙ্গে আঁতাত করে নিয়ম রক্ষার জন্য কাগজপত্র তৈরি করেছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শংকর চন্দ্র হাওলাদার এ বিষয়ে জানান, এই প্রকল্পের সহায়তা পেতে ৫২ জন আবেদন করেছিলেন। তাঁরা ওই আবেদনগুলো জেলায় পাঠান। যে দুজনকে ডুমুরিয়ার বাসিন্দা নয় বলা হচ্ছে, তাঁরা ভোটার কার্ড দেখিয়েছেন। প্রকল্প পরিচালক নিত্যানন্দ দাস মুঠোফোনে বলেন, ‘আমি সবকটি প্রকল্প দেখে ও কাগজপত্র যাচাইবাছাই করে অনুমোদন করেছি। কোনো অনিয়ম বা আর্থিক সুবিধা নেওয়া হয়নি।’