আ.লীগ নেতা জাহিদুল কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলায় মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম গতকাল বুধবার আত্মসমর্পণ করার পর আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
জাহিদুল ইসলাম সকালে মহানগর হাকিম আনোয়ার ছাদাতের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জাহিদুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য মহানগর হাকিম শাহারিয়ার মাহমুদ আদনানের আদালতে আবেদন করে। আদালত ২৫ আগস্ট আসামির উপস্থিতিতে এ আবেদনের বিষয়ে শুনানির দিন ধার্য করেন।
বাদীপক্ষের আইনজীবী শাহ জামান জানান, গত ১৫ এপ্রিল এ মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর পুলিশ সুপার কাজীমুর রশিদ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। জাহিদুল ইসলামসহ নয়জনকে মামলার অভিযোগ থেকে বাদ দেওয়া হয়। বাদীপক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর ৬ আগস্ট এ মামলায় আবুল মোনায়েম মোহাম্মদ আমিনুল ওরফে ডিশ বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
এ মামলার অভিযোগপত্রভুক্ত ১১ জনের মধ্যে ফাহিমা ইসলামসহ কয়েকজন উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে আছেন।
রাজধানীর গুলশানে একটি বিপণিবিতানের সামনে গত বছরের ২৯ জুলাই মধ্যরাতে রিয়াজুলকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যার দৃশ্য ওই বিপণিবিতানের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। রিয়াজুল হত্যার ঘটনায় ৩০ জুলাই রাত ১২টার দিকে গুলশান থানায় মামলা করেন নিহতের ভাই মেজর রশিদুল হক খান। মামলায় যুবলীগ নেতা তারেক (‘ক্রসফায়ারে’ নিহত), জাহিদুল ইসলাম, মহানগর উত্তর যুবলীগের নেতা শাখাওয়াত হোসেন ও আরিফসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়।