আ.লীগ নেতা দখল করলেন বিএনপি নেতার ঘের!
মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে আওয়ামী লীগের নেতার নেতৃত্বে বিএনপির এক নেতার একটি চিংড়িঘের দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর গ্রামের ঘোলার বিলে মোল্লা নামের এই চিংড়িঘের দখলের ঘটনা ঘটে।জয়নগর গ্রামের একরামুল হক মোল্লার ছেলে কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ মোল্লা জানান, তাঁদের সাড়ে ১০ বিঘা জমিসহ তাঁর আত্মীয়দের কাছ থেকে ইজারা নিয়ে মোট ৩৭ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে তাঁরা চিংড়ি চাষ করে আসছেন। ওই ঘেরের কিছু জমি নিয়ে তাঁদের সঙ্গে একই গ্রামের মৃত আক্কাজ আলী গাজীর ছেলে আবদুল হাকিম, আবদুল হালিম ও আবদুল হামিদদের মামলা চলছে।অলিউল্লাহ মোল্লা অভিযোগ করেন, শুক্রবার দুপুর দুইটার দিকে কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে আবদুল হাকিম, আবদুল হামিদসহ ৪০-৫০ জন এসে ঘেরটি দখল করে নেন। এ সময় তাঁরা ঘেরের কর্মচারীদের মারধর করে তাঁদের ঘরের জিনিসপত্র লুট করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘেরটি দখলের সুবিধার্থে আবদুল হাকিম বৃহস্পতিবার রাতে ওই ঘেরটি তাঁদের (হাকিম) দখলে আছে উল্লেখ করে ঘেরে লুটপাট ও দুই লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে তাঁকেসহ ২৮ জনের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা করেন। এ কারণে ভয়ে তাঁরা এখন ঘের দখলের ঘটনায় থানায় মামলা করতে যেতে পারছেন না।কাশিমাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আবদুল হামিদ জানান, একরামুল মোল্লা ও তাঁর আত্মীয়রা ২৫-৩০ বছর ধরে এই ঘেরে চিংড়ি চাষ করে আসছেন। আবদুল হাকিম পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে একরামুল মোল্লা ও তাঁর পক্ষের লোকজনের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে পরদিন ঘেরটি দখল করে নিয়েছেন।তবে আবদুল হাকিম দাবি করেন, একরামুল ও তাঁর স্বজনেরা চাঁদা দাবি করায় তিনি মামলা করেছেন। শুক্রবার ঘের দখলের কথা অস্বীকার করে তিনি বলেন, বেশ কিছুদিন আগে থেকে তাঁরা ওই ঘের দখলে নিয়েছেন।কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান দখলের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ২০০১ সালে ঘেরটি জবরদখল করে নেওয়া একরামুল মোল্লার লোকজনের কাছ থেকে শুক্রবার ঘেরের মালিক আক্কাজ গাজীর লোকজন তা দখলে নিয়েছেন।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, ঘের দখলের বিষয়টি তিনি জানেন না। এ নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি। আবদুল হাকিমের দায়ের করা মামলা প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। এখন তদন্ত করে দেখা হচ্ছে।