আ.লীগ নেতা পেটালেন সরকারি কর্মচারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও আহত অফিস সহকারী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ইউএনওর অফিস সহকারী আবদুুর রশিদ স্বাধীনতা দিবস পালনের আমন্ত্রণপত্র দিতে মনজুরুল ইসলামের সর্বানন্দ গ্রামের বাড়িতে যান। তিনি আমন্ত্রণপত্র পাওয়া মাত্রই ইউএনওকে রাজাকার বলে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তুমি রাজাকারের চিঠি কেন এনেছ বলে অফিস সহকারীকে কিলঘুষি মারতে থাকেন। এতে তাঁর নাক ফেটে যায়। গুরুতর আহতাবস্থায় তাঁকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এ ব্যাপারে অফিস সহকারী আবদুুর রশিদ বাদী হয়ে মনজুরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মনজুরুল ইসলাম বলেন, ‘আমন্ত্রণপত্র দেওয়ার পর আবদুুর রশিদ প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর চায় এবং অনুষ্ঠানে খরচের জন্য ইউএনও ১০ হাজার টাকা চাঁদা চেয়েছেন বলে জানায়। এতে অস্বীকৃতি জানালে সে আমার সঙ্গে খারাপ আচরণ করে। এ কারণে আমি ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপড় মেরেছি।’ তবে আবদুুর রশিদ বলেন, ‘চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়।’