আ.লীগ নেতা প্রভাষ হত্যার প্রতিবাদে সমাবেশ
নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায়কে হত্যার বিচারের দাবিতে সদর উপজেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার এক সমাবেশ করেছে। এদিকে গতকাল সন্ধ্যায় প্রভাষ রায়ের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
গত বুধবার রাতে প্রভাষ রায় (৫০) খুন হন। তিনি সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিদুর রহমানসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। তাঁর স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর থানায় এ মামলা করেন। ঘটনার রাতেই চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
উপজেলার মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী। সাধারণ সম্পাদক ওমর ফারুকের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহমেদ, যুগ্ম সম্পাদক বাবুল সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির প্রমুখ।