আ.লীগ নেতা ফজলুল হত্যায় জড়িত সন্দেহে আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নূর মোহাম্মদ ওরফে হাজি বাবু নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার ভোরে ঢাকার নবাবগঞ্জের বড়নগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ডিবি পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে হাজি বাবু একতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেছিল। এ সময় তার হাত ভেঙে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।মামলা তদারকি কর্মকর্তা ডিবি পুলিশের উপকমিশনার মো. মাহাবুবর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া হাজি বাবু আওয়ামী লীগের নেতা ফজলুলকে খুন করতে সন্ত্রাসীদের সংগঠিত করে এবং ছয় খুনির হাতে রিভলবার তুলে দেয়। খুনে সরাসরি অংশ নেওয়া দুলাল, কালু, রনি, জসীম, শামীম ও সেলিম আদালতে এই জবানবন্দি দিয়েছিল। এ নিয়ে ফজলু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হলো।মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, গত ৮ জানুয়ারি আগারগাঁওয়ের বিএনপি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন। গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হওয়ার পেছনে ফজলুল হকের হাত রয়েছে তাদের সন্দেহ ছিল। এ কারণে তার ছেলে মিন্টু বাবার সঙ্গে ফজলুলকে হত্যার পরিকল্পনা করে।পুলিশ জানায়, মিন্টু তার বাবার মাদক ব্যবসা পরিচালনা করত। সে তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নির্দেশে হাজি বাবু খুনিদের সংগঠিত করে। এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে দলীয় কোন্দল, এলাকার আধিপত্য বিস্তার অন্যতম কারণ।