আ.লীগ নেতা বলে কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দোকানে চুরির ঘটনায় সালিসি বৈঠক হবে। চুরির ওই ঘটনায় এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করা হয়নি। অথচ ওই ঘটনার সঙ্গে এক যুবক জড়িত—এমন সন্দেহে তাঁর বড় ভাই স্কুলশিক্ষকের ছয়টি মহিষ নিয়ে গেছেন পটুয়াখালীর রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের এক নেতা। স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারের মুদি দোকানি মো. আবু হাওলাদারের দোকান থেকে রোববার দুপুরে ১৭ হাজার টাকা চুরি হয়। বিষয়টি তিনি বাজার কমিটিসহ এলাকার লোকজনকে জানান। এ নিয়ে গতকাল সোমবার সকাল ১০টায় বাজারে বৈঠক হওয়ার কথা। কিন্তু সকাল সাতটার দিকে রাঙ্গাবালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম ওরফে লিটু বড়বাইশদিয়া ইউনিয়নের গ্রামপুলিশ (চৌকিদার) হীরন কুমার দাসকে পাঠিয়ে বড়বাইশদিয়ার সামচাঁদ রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেনের ছয়টি মহিষ নিয়ে তাঁর (এনামুল ইসলামের) বাড়িতে বেঁধে রাখেন।জাকির হোসেন বলেন, ‘হীরন চৌকিদার বলেছেন, আমার ছোট ভাই আবদুল বাতেন (২৬) নাকি দোকান থেকে টাকা চুরি করেছে। সে কারণে আমার খোঁয়াড় থেকে মহিষ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের নেতা এনামুল ইসলাম।’ তিনি বলেন, ‘এর আগে আমি তক্তাবুনিয়া বাজার কমিটির সভাপতি ছিলাম। চুরির ঘটনাটি নিয়ে সোমবার সকালে বৈঠকে বসার কথা। কিন্তু সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার আগেই এনামুল ইসলাম আমাকে হেয় করার জন্য চৌকিদার পাঠিয়ে আমার সাড়ে চার লাখ টাকা দামের ছয়টি মহিষ নিয়ে গেছেন।’গ্রামপুলিশ হীরন কুমার দাস বলেন, ‘লিটু সাহেব (এনামুল ইসলাম) আমাকে ডেকে জাকির মাস্টারের মহিষ এনে তাঁর বাড়িতে বেঁধে রাখার নির্দেশ দেন। আমি বাধ্য হয়ে মাস্টারের ছয়টি মহিষ নিয়ে লিটু সাহেবের বাড়িতে দিয়ে আসি।’দোকানদার মো. আবু হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৪) জানান, তাঁদের দোকানে চুরি সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। এ নিয়ে সালিসের ব্যবস্থা করা হবে। তক্তাবুনিয়া বাজার কমিটির সভাপতি মো. আনোয়ার ফারুক বলেন, ‘আমরা এখন পর্যন্ত চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারিনি। শনাক্ত করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে জাকির হোসেনের মহিষ নেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না।’ এ ব্যাপারে এনামুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জাকির মাস্টারের ছোট ভাই বাতেন বাজারের একটা দোকান থেকে ১৭ হাজার টাকা চুরি করেছে। এ নিয়ে সালিসি বৈঠক হবে। এ কারণে জাকিরের মহিষ এনে জমা রাখা হয়েছে। আমি নির্বাচনের কাজে এখন চালিতাবুনিয়ায় আছি। এখান থেকে ফিরে এ ব্যাপারে ব্যবস্থা নেব।’