আ.লীগ নেতা মুরাদকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম সংস্থার প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১ ফেব্রুয়ারি তাঁকে তলবি নোটিশ পাঠায় দুদক।

দুদক সূত্র জানায়, শাহে আলম মুরাদ ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মাকান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডিজিন ডিজাইন অ্যান্ড ডেভেলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী মো. খায়রুল আলম অভিযোগ করেন, হঠাৎ করেই মুরাদ ডিজিন ডিজাইন অ্যান্ড ডেভেলপার দখল করে নিয়েছেন। তিনি তাঁর লোকজন নিয়ে হামলা করে অস্ত্রের মুখে সবাইকে বের করে দিয়েছেন। এখন কেউ প্রতিষ্ঠানে যেতে পারেন না। ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৬ আগস্ট দুপুরে শাহে আলম মুরাদ অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে ডিজনি ডিজাইন কার্যালয়ে গিয়ে জোরপূর্বক নিজেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দাবি করেন। জাল সই দিয়ে কাগজপত্র তৈরি করে কয়েকজন পরিচালকের পদ বাতিল করে নতুন পরিচালক নিয়োগ করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একটি লিখিত আবেদনও করেছেন ওই ব্যবসায়ী।