আ.লীগ নেতা রবিউল হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩৪ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রবিউল ইসলামের ভাই আনোয়ার হোসেন মামলাটি করেন। রবিউল ইসলামকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ মিছিল থেকে ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখা ও ব্র্যাক ব্যাকের একটি বুথ ভাঙচুর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানা সূত্রে জানা যায়, মামলায় ২২ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে আসামি করা হয়েছে। গত দুদিনের পুলিশের বিশেষ অভিযানে সন্দেহজনক ৪২ জনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ৩০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১২ জনের মধ্যে ১০ জনকে এ মামলায় সন্দেহজনক আসামি হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।