আ.লীগ নেতা লাঞ্ছিত, মাহবুবুরের জনসভা বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদারের এক আত্মীয় যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল ইসলামকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লাঞ্ছনার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা গতকাল বৃহস্পতিবার মাহবুবুরের প্রথম জনসভা বর্জন করেন। তাঁরা জনসভায় যোগ না দিয়ে বড়বাইশদিয়া ও রাঙ্গাবালী ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে কালো পতাকা উড়িয়ে মাহবুবুরের আগমনকে ‘না’ জানান।
আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, আবদুল্লাহ আল ইসলাম পটুয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সাংসদ মো. আনোয়ারুল ইসলামের ছেলে ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলামের শ্যালক। আবদুল্লাহ দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগ সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং পাঁচ বছরের বিপুল জমিজমা ও সম্পদের মালিক হওয়া মাহবুবুরকে মনোনয়ন দেয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মাহবুবুর।
প্রত্যক্ষদর্শী জানান, আবদুল্লাহ গত মঙ্গলবার সন্ধ্যায় বড়বাইশদিয়ার তক্তাবুনিয়া বাজারে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় সবার সমানে লুৎফর তাঁকে চড়-থাপড় দেন এবং শার্ট ছিঁড়ে ফেলেন।
এর প্রতিবাদে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বুধবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া বাজারে মিছিল-সমাবেশ করে মাহবুবুরের জনসভা বর্জন করার ঘোষণা দেন।