আ.লীগ নেতা শর্ত না মেনেও পেলেন মেডিকেল কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত পূরণ না করেই মেডিকেল কলেজের অনুমতি পেয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু। এর ফলে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষক ছাড়াই এ বছর থেকে ছাত্র ভর্তি করতে পারবে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বদিউজ্জামান ভূইয়া গোঁজামিল দিয়ে গত পাঁচ বছর ধরেই মেডিকেল ব্যবসায় নামার চেষ্টা করছিলেন। অবশেষে সক্ষম হয়েছেন।
বাংলাদেশে বর্তমানে বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৫৫টি। ব্যাপক সমালোচনার মুখে গত বছর ১২টি মেডিকেল কলেজে ছাত্র ভর্তি স্থগিত করে সরকার তদন্ত কমিটি গঠন করে। এখনো পর্যন্ত ওই সব মেডিকেল কলেজ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তার ওপর নতুন করে সেনাবাহিনীর পাঁচটিসহ মোট ছয়টি মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি পরিদর্শন কমিটির প্রতিবেদন ও সরেজমিনে মেডিকেল কলেজ এলাকায় গিয়ে দেখা গেছে, অবকাঠামো ও শিক্ষক নিয়োগের শর্ত পূরণ করেননি বদিউজ্জামান ভূইয়া। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বদিউজ্জামান বলেন, তাঁর পরিবারে ২২ জন চিকিৎসক আছেন। মানুষের প্রতি ‘দায়বদ্ধতা’ থেকে তিনি তাঁর এলাকায় মেডিকেল কলেজ করেছেন। এ বছর ৫০ জন ছাত্র ভর্তি করবেন। ‘চ্যালেঞ্জ’ দিয়ে তিনি বলেছেন, শর্ত পূরণ করেছেন বলেই অনুমোদন পেয়েছেন। কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষাকার্যক্রম তো শুরুই হয়নি। বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার আগে অধ্যক্ষ, শিক্ষক এঁদের কোনো ভ্যালুই নেই’। অধিভুক্ত হওয়ার পর প্রয়োজনে তিনি সব শিক্ষকের জীবনবৃত্তান্তসহ প্রকাশ করবেন বলে জানান।
খোঁজখবর নিয়ে জানা গেছে, ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক ডেকে অনেকটা তড়িঘড়ি করেই বিক্রমপুর ভুইয়াস মেডিকেল কলেজকে অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত মন্ত্রণালয় সূত্র বলছে, মেডিকেল কলেজটি অনুমোদনের ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দীন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী শর্ত পূরণ হয়েছে কি না জানতে চান স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক এ বি এম আবদুল হান্নানের কাছে। আবদুল হান্নান বলেন, তাঁরা পরিদর্শনে গিয়েছিলেন। প্রতিবেদনে সব উল্লেখ আছে।
জানতে চাইলে আবদুল হান্নান বলেন, আস্তে আস্তে শর্ত পূরণ করবে। এ জন্যই শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।
তবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সালান কোনো মন্তব্য করতে রাজি হননি। মেডিকেল কলেজ অনুমোদন দেওয়ার পরদিনই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিন যুক্তরাষ্ট্রে চলে যান। তাই এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যে শর্ত মানা হয়নি: বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ অনুযায়ী, ৫০ আসনের একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম শুরুর কমপক্ষে দুই বছর আগে থেকে প্রস্তাবিত ক্যাম্পাসে প্রয়োজনীয় কাঠামোসহ কমপক্ষে ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল চালু থাকতে হবে। ১০ শতাংশ বিনা মূল্যের বিছানাসহ হাসপাতালের ৭০ শতাংশ শয্যায় সব সময় রোগী থাকার শর্ত রয়েছে। এ ছাড়া হাসপাতালে সমস্ত আধুনিক সুযোগ-সুবিধাসহ সার্বক্ষণিক জরুরি চিকিৎসা কার্যক্রম চালু থাকার কথা বলা আছে। বিক্রমপুর ভুইয়াস মেডিকেল কলেজের সঙ্গে কোনো হাসপাতাল নেই।
মেডিকেল কলেজ অনুমোদনের আবেদন করার পর পরিদর্শন কমিটি গত বছরের ১৪ নভেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা গ্রামে যায়। ১৬ নভেম্বর তারা প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, হাসপাতাল ভবন নির্মাণাধীন। ভবন স্থানান্তরের জন্য ২০০৯ সাল থেকে হাসপাতাল নির্মাণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত আছে।
২১ সেপ্টেম্বর সরেজমিনে মেডিকেল কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, কলেজেরই নির্মাণকাজ শেষ হয়নি। কলেজের সঙ্গে সংযুক্ত আফাজ-নাতেকা মেমোরিয়াল হাসপাতালও চালু হয়নি। বিছানাগুলো এক জায়গায় জড়ো করা আছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভবনের এক পাশে হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার জন্য তিনটি কক্ষ ঠিক করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন ঢাকা থেকে তিনজন চিকিৎসক গিয়ে বহির্বিভাগে রোগী দেখেন।
তবে হাসপাতালের বাইরে নামফলক আছে। সে অনুযায়ী ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি এটি উদ্বোধন করা হয়। আর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ ছাড়া ছাত্রছাত্রীদের জন্য নিজস্ব হোস্টেল থাকার কথা থাকলেও তা নেই। একটি ভবন ভাড়া নেওয়া হয়েছে। ভবনটিতে এখন নির্মাণশ্রমিকেরা থাকছেন।
মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যেসব শর্ত আছে তা-ও মানা হয়নি। পরিদর্শন কমিটিকে জানানো হয়েছে, কলেজে চার অধ্যাপক, তিন সহযোগী অধ্যাপক, চার সহকারী অধ্যাপক ও ১৬ জন প্রভাষকসহ শিক্ষকের সংখ্যা ২৭ জন। থাকার কথা কমপক্ষে ৩৩ জন। তবে ঘটনাস্থলে গিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ বা শিক্ষক কাউকেই পাওয়া যায়নি।