আ.লীগ নেতা শামীম ঢাকায় গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে গুলিতে আহত এনামুল হক শামীম l ছবি: প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে গুলিতে আহত এনামুল হক শামীম l ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম (৫১) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। তাঁর বাঁ হাতে গুলি লেগেছে৷ গতকাল বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৯/এ সড়কে তিনি হামলার শিকার হন বলে তাঁর গাড়িচালক ও পুলিশ দাবি করেছে৷
এনামুল হকের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুরে৷ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা নড়িয়ায় সড়ক অবরোধ করেছেন৷ আওয়ামী লীগের স্থানীয় সাংসদ শওকত আলীর স্ত্রীর পরিচালিত একটি হাসপাতালে ভাঙচুর চালানো হয়েছে৷ তাঁরা শামীমের ওপর হামলার জন্য সাংসদ শওকতকে দায়ী করে বক্তব্য দিয়েছেন৷
এনামুল হকের ব্যক্তিগত গাড়ির চালক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকালে স্যারের ১০/এ নম্বর সড়কের বাসা থেকে তাঁকে ধানমন্ডির স্টামফোর্ড ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছিলাম। সকাল সাড়ে নয়টার দিকে ধানমন্ডির ৯/এ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে হেলমেটবিহীন তিনজন মোটরসাইকেল আরোহী স্যারের মাথা লক্ষ্য করে গুলি করেন। দেখতে পেয়ে স্যার মাথা নামিয়ে ফেলেন৷ এ সময় গুলি এসে স্যারের হাতে লাগে। গাড়ির পেছনের সিটে নাসির নামে স্যারের এক চাচা ছিলেন। মুহূর্তের মধ্যে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’
১৯৮৯ থেকে ১৯৯১ সাল পর্যন্ত শামীম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু-ভিপি) সহসভাপতি ছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি৷ স্টামফোর্ড ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং রাজধানীর বেসরকারি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা৷
আহত শামীমকে প্রথমে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে তাঁর স্ত্রী ঢাকা মেডিকেলে ছুটে আসেন৷ বেলা দুইটার পর তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, কারা কেন হামলা করেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। যেখানে ঘটনা ঘটেছে, সে জায়গাটি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের অন্তত দুটি সিসি ক্যামেরার আওতয় ছিল৷ তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এখনো স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না বলে জানান ওসি৷
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গুলিবিদ্ধ শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার কেবিনে তোলা হয়৷ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা-কর্মীরা হাসপাতালে ভিড় করেন। এঁদের অনেকেই তাঁর ক্যাবিনে গিয়ে সমবেদনা জানান এবং খোঁজখবর নেন৷
পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল সাংবাদিকদের জানান, শামীমের বাঁ হাতের কবজির কাছে একটি ও বাহুতে একটি গুলি লেগেছে। অস্ত্রোপচার করা হয়েছে৷ তাঁর চিকিৎসায় চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংসদ ফজলে নূর তাপস, পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ হাসপাতালে গেছেন৷ হাসপাতাল থেকে বের হওয়ার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে ধ্বংস করায় যারা লিপ্ত, তারাই এ ঘটনা ঘটিয়েছে।
নড়িয়ায় অবরোধ-ভাঙচুর: নড়িয়া থানা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে শরীয়তপুর প্রতিনিধি জানান, শামীমের ওপর হামলার খবরে তাঁর সমর্থক স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা হামলার জন্য স্থানীয় সাবেক ডেপুটি স্পিকার সাংসদ শওকত আলীকে দায়ী করেন৷ বেলা একটার দিকে অর্ধশত বিক্ষোভকারী লাঠিসোঁটা হাতে সাংসদের স্ত্রী পরিচালিত মাজেদা স্পেশালাইজড হাসপাতাল ও বেসরকারি সংস্থা নড়িয়া উন্নয়ন সমিতি কার্যালয়ে ভাঙচুর করেন। তাঁরা সমিতির তিনটি েমাটরসাইকেলও ভাঙচুর করেন৷ সাংসদের স্ত্রী মাজেদা শওকত নড়িয়া উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক৷
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে নড়িয়া-শরীয়তপুর, নড়িয়া-জাজিরা সড়ক অবরোধ করেন। এ সময় নড়িয়া উপজেলা সদরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১২টার দিকে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির ব্যাপারী, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বেপারী, সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌকিদার।
হামলার বিষয়ে জানতে চাইলে নড়িয়া উন্নয়ন সমিতির সমন্বয়কারী কবির হোসেন বলেন, ‘হামলাকারীদের আমরা চিনতে পারিনি। মৌখিকভাবে বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’
নড়িয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এ কে এম ইসমাইল হক প্রথম আলোর কাছে দাবি করেন, নড়িয়ার বর্তমান সাংসদ শওকত আলী তাঁর ছেলেকে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের দলের প্রার্থী করাতে চান৷ সে জন্যই আওয়ামী লীগের নেতা শামীমকে সরিয়ে দিতে তার ওপর গুলি করিয়েছেন৷ পরবর্তী সংসদ নির্বাচনে শামীমের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি একধরনের নিশ্চিত বলে দাবি করেন এই নেতা। তিনি বলেন, শামীমের অনুগতরা নিড়য়া উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে শামীমের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন সাংসদ শওকত৷
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ শওকত আলী প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের হামলার সঙ্গে আমি বা আমার পরিবারের কেউ জড়িত থাকার প্রশ্নই আসে না৷’ তিনি বলেন, ‘ইসমাইল হক অনুমাননির্ভর কথা বলছেন, এটা ঠিক না৷ উপজেলা নির্বাচন নিয়ে শামীমের সঙ্গে আমার কোনো বিরোধ হয়নি৷ আর পাঁচ বছর পর জাতীয় নির্বাচন হবে৷ তখন দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তাঁর জন্য কাজ করব৷ এই নিয়ে এখন আমি বা আমার পরিবারের কেউ কিছু ভাবছি না৷’
অবশ্য এ হামলার জন্য বিএনপি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে৷ গতকাল ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে চোরাগোপ্তা হামলা চালানোর হুমকি দিয়েছেন। শামীমের ওপর বিএনপির শীর্ষ নেতাদের নির্দেশে হামলা হলো কি না, পুলিশকে বিষয়টি মাথায় রাখতে হবে। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকলেও থাকতে পারেন।’
এ হামলার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে৷