আ.লীগ নেতা হত্যা মামলার আরেক আসামির গুলিবিদ্ধ লাশ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকা থেকে আজ শনিবার জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহাঙ্গীর সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, জাহাঙ্গীর জেলার শীর্ষ সন্ত্রাসী এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার ১৮ নম্বর আসামি।
গত ৩০ ডিসেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলামকে বাড়ি থেকে ডেকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলার ২ নম্বর আসামি ও শীর্ষ সন্ত্রাসী বাবলু মিয়া গত ৩০ জানুয়ারি শহরের চায়না হারবারের নির্মিত বাঁধের ওপর র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ৬ ফেব্রুয়ারি একই মামলার প্রধান আসামি জবান আলীর গুলিবিদ্ধ লাশ সিরাজগঞ্জ-কড্ডা সড়কের কোনাগাতী এলাকায় পাওয়া যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, আজ ভোরে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের দক্ষিণ দিকে সিরাজগঞ্জ-জামতৈল রেললাইনের পাশে জাহাঙ্গীরের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। সকাল সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের পিঠে ও মাথার পিছনে মোট ছয়টি গুলির চিহ্ন রয়েছে। কে বা কারা তাঁকে গুলি করে হত্যা করে ফেলে গেছে, এ ব্যাপারে জানা যায়নি। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।
ওসি জানান, জাহাঙ্গীর এলাকায় একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা সাইফুল হত্যাসহ একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।