আ.লীগ নেতা হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি
পটুয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগের নেতা আবু ইউসুফ হত্যা মামলার আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। মামলা তুলে না নেওয়ায় কিছুদিন আগে তারা বাদীকে কুপিয়ে জখম করে। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাদী অলাতাফ হোসেন এসব অভিযোগ করেন। পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য স্থানীয় আওয়ামী লীগ ইউপি ভবনে ২৩ ফেব্রুয়ারি সভা করে। এ সময় ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন ওরফে শাহ আলমের সমর্থকদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁরা পিটিয়ে ও কুপিয়ে শাহ আলমের সমর্থক ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু ইউসুফকে হত্যা করে। পরদিন পটুয়াখালী থানায় হুমায়ুন কবিরসহ ৩০ জনকে আসামি করে হত্যা মামলা হয়। লিখিত বক্তব্যে আলতাফ হোসেন আরও উল্লেখ করেন, মামলার আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিতে থাকে। এ অবস্থায় সুপ্রিম কোর্টে আপিল করলে ১৫ মার্চ মামলার পাঁচ আসামির জামিন বাতিলের আদেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ১ এপ্রিল তাঁকে (আলতাফ হোসেন) কুপিয়ে জখম করে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার না করায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং এখনো তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।