আ.লীগ নেতা হত্যার ঘটনায় এক ব্যক্তি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের নেতা ফজলুর রহমান মোল্যা ওরফে ফজের আলী হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হজরত আলী ওরফে হযু সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গত রোববার গ্রেপ্তার করেছে। তিনি শহরের নিলু শেখের পাড়ার কাঙ্গালী সরদারের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত জানান, গত রোববার বিকেলে গোয়ালন্দ শহরের গুড় বাজার থেকে হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। ওই হত্যা মামলার সন্দেহভাজন চার আসামির মধ্যে হজরতের নামও রয়েছে।
গত ২৯ অক্টোবর উপজেলার দৌলতদিয়া আঞ্জুমান কাদরীয়া বড় মসজিদের সামনের নিজ দোকান থেকে পুলিশ গোয়ালন্দ শহর আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান মোল্যার (৬৫) লাশ উদ্ধার করে। তাঁর দোকানের ক্যাশ বাক্স থেকে নয় হাজার টাকা খোয়া গেছে।
এ ঘটনায় নিহত ফজলুরের ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ওই দিন সন্দেহভাজন চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন।