আ.লীগ নেতা হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন
নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফজলার রহমান হত্যা মামলায় ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এই রায় ঘোষণা করেন। এ মামলার অপর সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সিংড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) ফরিদুল ইসলাম ওরফে ফরদু, বিএনপির কর্মী ময়েন, আবদুল করিম, শামসুল ইসলাম, তালেব, রাজিবুল হাসান রিপন, মোহাম্মাদ আলী, নাজিম, আলমগীর হোসেন ও আওয়ামী লীগের কর্মী নয়ন হোসেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আটজনসহ মোট ১৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শামসুল ইসলাম, নাজিম ও আলমগীর হোসেন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৮ জানুয়ারি দুপুরে মোটরসাইকেলে উপজেলা সদর থেকে ইউনিয়ন পরিষদে ফেরার পথে পারসাঐল এলাকায় ফজলার রহমানকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর ভাতিজা জাহিদও আহত হন।
এ ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলসহ স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীর বিরুদ্ধে ফজলার রহমানের ভাই ময়নুল হক বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা করেন। গত বছরের ১০ নভেম্বর নাটোর আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।