আ.লীগ নেতাকে অভ্যর্থনা জানাতে রাস্তায় শিক্ষার্থীরা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনে আসবেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। তাঁকে অভ্যর্থনা জানাতে হবে। তাই গতকাল মঙ্গলবার রোদের মধ্যে প্রায় ঘণ্টা খানেক সময় বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীকে দাঁড় করিয়ে রাখা হলো। অথচ কোনো অতিথিকে স্বাগত জানাতে শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে রাখার বিষয়ে মন্ত্রণালয়ের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, হাতীবান্ধার দোয়ানী উচ্চবিদ্যালয় মাঠে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটির ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। কিন্তু অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথিকে স্বাগত জানাতে বিদ্যালয়ের প্রবেশপথে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। এ সময় ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা ধরিয়ে দেন শিক্ষকেরা। প্রধান অতিথি পৌঁছালে শিক্ষার্থীরা ওই পতাকাকে নেড়ে তাঁকে স্বাগত জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় নয়, কিছু সময়ের জন্য স্কুলের মাঠে দাঁড়িয়ে প্রধান অতিথিকে স্বাগত জানায়।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী বলেন, শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখে কোনো অতিথিকে স্বাগত না জানাতে মন্ত্রণালয়ের দেওয়া চিঠি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। দেড় থেকে দুই বছর আগে সরকার এ নির্দেশ জারি করে। এরপরও যদি কোনো শিক্ষক নির্দেশনা না মানেন, তাহলে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের ছেলে।