নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনায় দুটি মামলা হয়েছে। উভয় মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হককে।
গতকাল বুধবার সংঘর্ষে নিহত জয়নাল মিয়ার বাবা জহির মিয়া বাদী হয়ে একটি এবং নিহত আরশ আলীর বাবা শুক্কুর আলী আরেকটি মামলা করেন। দুটি মামলায় আসামির সংখ্যা ১৭৪।
সোমবার দুপুরে বাঁশগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল হকের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে হাফিজুরের পক্ষের বাঁশগাড়ি ইউনিয়নের রাজনগর গ্রামের জয়নাল মিয়া ও সোবহানপুর গ্রামের আরশ আলী নিহত হন।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন হাফিজুর। তবে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ তাঁর পক্ষে ছিলেন না। সাংসদের পছন্দের প্রার্থী ছিলেন সিরাজুল হক। নির্বাচনে সিরাজুল জয়ী হয়। এরপর থেকে পক্ষ দুটির মধ্যে অন্তত আটবার সংঘর্ষ হয়। এ পর্যন্ত সংঘর্ষে নিহত ছয়জনের মধ্যে হাফিজুরপক্ষের চারজন এবং সিরাজুলপক্ষের দুজন।
স্থানীয় সূত্র জানায়, সিরাজুলপক্ষের প্রভাবে এক বছর আগে হাফিজুরপক্ষ কোণঠাসা হয়ে পড়ে। ফলে হাফিজুরপক্ষের কয়েক শ সমর্থক এলাকাছাড়া ছিলেন। চলতি বছরের ১৮ এপ্রিল থেকে হাফিজুরপক্ষ এলাকায় ঢুকতে চাইলে সিরাজুলপক্ষ বাধা দেয়। তখন পক্ষ দুটির মধ্যে সংঘর্ষে হাফিজুরপক্ষের দুজন নিহত হন। ওই ঘটনায় হত্যা মামলা হওয়ার পর সিরাজুলপক্ষ এলাকাছাড়া হয়। এরপর এলাকায় হাফিজুরপক্ষের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। শক্তি সঞ্চয় করে সোমবার দুপুরে সিরাজুল হকের লোকজন আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে এলাকায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চালান। তখন হাফিজুরপক্ষ আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করতে মাঠে নামলে নতুন করে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, সোমবারের সংঘর্ষের পর নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেনি। তবে কয়েকটি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনার খবর পাওয়া গেছে। দুজন নিহত হওয়ার পর এলাকায় হাফিজুরপক্ষ একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। এই সুযোগে হাফিজুরপক্ষ সিরাজুলপক্ষের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, বাঁশগাড়ির পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে আছে। সেখানে সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিল্লাল হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা আছে।