আ.লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলীয় গঠনতন্ত্র, শৃঙ্খলা পরিপন্থী ও রাজনৈতিক প্রতিবন্ধকতার অভিযোগ এনে এই নোটিশ জারি করা হয়েছে।

গত শনিবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘২০১৪ সালের ২৮ ডিসেম্বর সর্বসম্মতিক্রমে ৪৭ সদস্যবিশিষ্ট উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করা হলেও আহ্বায়ক দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার তোয়াক্কা না করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। ফলে দলে স্থবিরতা দেখা দেয়। আহ্বায়ক কমিটি গঠন করা হলেও শহিদুল ইসলাম নিজেকে সভাপতি ও আহ্বায়ক কমিটির অপর সদস্য গোলাম মোস্তফাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উল্লেখ করে বিভিন্ন ইউনিয়ন কমিটিকে চিঠি দিয়েছেন। ৮ মার্চ এ দুজনের স্বাক্ষরিত একটি পত্র জেলা কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এই কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী। তাই আপনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কেন দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিশেষভাবে জানানো হলো।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির নেতারা নিয়মবহির্ভূতভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করায় তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলামের মুঠোফোনে পাঁচ-ছয়বার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে অপর সদস্য গোলাম মোস্তফা জানান, ২০১৪ সালের ১৪ নভেম্বর কাউন্সিলের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগে এই কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই আহ্বায়ক কমিটি উল্লাপাড়া উপজেলার নেতা-কর্মীরা মেনে নেয়নি। এ কারণে স্থানীয় নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী আগের কমিটিই পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আনুষ্ঠানিকভাবে গতকাল সোমবার পর্যন্ত আমরা কোনো নোটিশ পাইনি। পত্র পেলে পরবর্তীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’