আ.লীগ নেতাকে কুপিয়ে আহত
নোয়াখালীর কবিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র মো. হানিফকে (৫৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা এ সময় ঘরে হামলা ভাঙচুর চালায় এবং দুটি স্টিলের আলমারির তালা ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণের গয়না, নগদ ৪৫ হাজার টাকা লুট করে। হামলায় গুরুতর আহত হানিফকে রাতেই স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৪-১৫ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে মো. হানিফের বাড়িতে হানা দেয়। দুর্বৃত্তরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে বেঁধে ফেলে এবং হানিফকে কুপিয়ে আহত করে।
এরপর দুর্বৃত্তরা ঘরের ভেতরে থাকা দুটি স্টিলের আলমারি ভেঙে লুটপাট চালায়। আহত হানিফের ছেলে শফিকুল হায়দার বলেন, দুর্বৃত্তরা এ সময় আলমারি থেকে স্বর্ণের গয়না ও ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরই তাঁরা থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জানতে চাইলে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে আহত করা এবং বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের কথা স্বীকার করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাহবুবুল আলম।
প্রথম আলোকে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্ত চলছে। তবে, এটা সন্ত্রাসী হামলা নাকি ডাকাতি, তা এখই নিশ্চিত করে বলা সম্ভব নয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।