আ.লীগ নেতাকে কুপিয়ে ও বোমা মেরে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মাগুরা বাজারে কুপিয়ে ও বোমা মেরে চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধু (৪৮) নামের আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরপর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সবুজ মেডিকেল হলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে মধুর লাশ পুড়ে গেছে। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে।
চৈতন্য কুমার মণ্ডল পেশায় পল্লি চিকিত্সক। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই সদস্য মাগুরা বাজার কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।
পুলিশ ও মাগুরা বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, চৈতন্য কুমার মণ্ডল আজ রাত আটটার দিকে মাগুরা বাজারে তাঁর ওষুধের দোকানে ছিলেন। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী মেসবাউর রহমানের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সশস্ত্র দল সবুজ মেডিকেল হল ঘেরাও করে। পরে তারা দোকানে ঢুকে চৈতন্য কুমার মণ্ডলকে উপর্যুপরি কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে। পরে তারা দোকানে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা দোকানের শাটার বন্ধ করে দেয়। ত্রাস সৃষ্টির জন্য ১০/১২টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় বাজারে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে বাজারে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ জড়িতদের কাউকে আটক করতে পারেনি।
উল্লেখ্য, তিন মাস আগে ওই পল্লি চিকিত্সকের কাছে মেসবাউর রহমান চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে ও তার বড় ভাই কার্তিক মণ্ডলকে বোমা মেরে আহত করে। এ ঘটনায় যশোরের এএসপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাগুরা বাজারে এক সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় মেসবাউর রহমানকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কুপিয়ে ও বোমা মেরে চৈতন্য কুমার মণ্ডলকে হত্যা করা হয়েছে। পরে দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে তাঁর লাশ পুড়ে গেছে। সন্ত্রাসী মেসবাউরকে আটকের চেষ্টা করা হচ্ছে।’