আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
সিলেটের বিশ্বনাথ উপজেলায় শহিদুল ইসলাম নামের আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে বিশ্বনাথ থানা ভবনের কাছে এ ঘটনা ঘটে। তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার রাতে শহিদুল নিজ বাড়িতে ফিরছিলেন। থানা ভবনের কাছে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। তারা কুপিয়ে শহিদুল ইসলামের পা গুরুতর জখম করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ইসলাম আওয়ামী লীগের সদস্য হলেও তাঁর ছেলে জাহাঙ্গীর আলম ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বুধবার বিকেলে উপজেলা ছাত্রদলের দুটি পক্ষের (হুমায়ুন-জাহাঙ্গীর ও বদরুল-ছালেক) সংঘর্ষের জের ধরে শহিদুল ইসলামের মালিকানাধীন রেইনবো টেইলার্সে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় আহত হন ছাত্রদল নেতা ছালেক আহমদ ও হুমায়ুন কবির। এরপর বদরুল-ছালেক পক্ষের নেতা-কর্মীরা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে অটোরিকশা ভাঙচুর করেন। ওই ঘটনার জের ধরেই ছাত্রদলের বদরুল-ছালেক পক্ষের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।