আ.লীগ নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান চৌধুরীকে (৪২) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার নাসিরনগর থানার সামনেই এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকেরা উপজেলা সদরে বিক্ষোভ করেছেন।
আসাদুজ্জামান চৌধুরী উপজেলা সদরের ফুলপুর গ্রামের আমশু চৌধুরীর ছেলে। তিনি নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি নাসিরনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকাল ১০টার দিকে উপজেলা সদরের পশ্চিমপাড়ার মো. বিধান, নুরুল ইসলাম ও জহিরুল ইসলামের নেতৃত্বে একদল লোক রামদা, লাঠিসোঁটা নাসিরনগর সদরের জেলা পরিষদ মার্কেটের ওয়ালটন শো-রুমের মালিক মো. আবদুল্লাহ মিয়াকে পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা শো-রুম মালিকের ক্যাশ বাক্স ভেঙে তিন লাখ টাকা ও সনি ব্র্যান্ডের দুটি মুঠোফোন নিয়ে যায়। পরে আবদুল্লাহর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন এ ব্যাপারে মামলা না করে সালিসের মাধ্যমে টাকা উদ্ধারের প্রস্তাব দিলে আবদুল্লাহ তাতে রাজি হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান চৌধুরী আবদুল্লাহর বন্ধু। এ কারণে বিষয়টি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরও জানানো হয়। এ ঘটনায় বিধান, নুরুল ইসলাম ও জহিরুল ইসলামের নেতৃত্বে আরও একদল লোক গতকাল বেলা পৌনে ১১টার দিকে আসাদুজ্জামানকে নাসিরনগর থানার সামনের আহাদ মার্কেটের কাছে একা পেয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আসাদুজ্জামানকে নাসিরনগর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, আসাদুজ্জামানের গলার বাঁ ও ডান পাশ, কপাল, ঘাড়, কনুই ও পেটে রামদার আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০টি সেলাই দেওয়া হয়েছে।
ওয়াল্টন শো-রুমের মালিক মো. আবদুল্লাহ মিয়া বলেন, ‘ঈদের সময়ে বিক্রি করা রেফ্রিজারেটরের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ওই সময় পশ্চিমপাড়ার বিধান, নুরুল ও জহিরুল ইসলামের নেতৃত্বে একদল লোক আমাকে পিটিয়ে আহত করে ক্যাশ ভেঙে তিন লাখ টাকাসহ দুটি মুঠোফোন সেট নিয়ে যায়। বিষয়টি নিয়ে সোমবার বেলা ১১টার দিকে সালিসে বসার কথা ছিল। আমার বন্ধু আসাদুজ্জামান ঘটনাটি স্থানীয় লোকজনসহ আওয়ামী লীগের নেতাদের জানিয়েছে বলে তারা তার ওপরও হামলা চালিয়েছে।’
এ বিষয়ে কথা বলার জন্য নুরুল ও জহিরুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁরা তা ধরেননি।
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের বলেন, সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। হামলাকারীরা একা পেয়ে আসাদুজ্জামানকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছে। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।