আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মুখোশ পরা দুর্বৃত্তরা হুমায়ুন কবির (৩৮) নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে৷ গতকাল শনিবার দুপুরে উপজেলার বুলাকিপুর বাজারে এ ঘটনা ঘটে৷
হুমায়ুন কবির বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরাতীপুর মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা বেলা আড়াইটা থেকে প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তবিবুর রহমান ও এএসপি (সার্কেল) সুশান্ত সরকার ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, হুমায়ুন কবির গতকাল বেলা দুইটার দিকে রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে করে বলোগাড়ী হাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যান৷ সেখানে ঢোকামাত্র চারটি মোটরসাইকেলে করে আটজন মুখোশ পরা দুর্বৃত্তরা এসে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় লোকজন ছোটাছুটি করতে থাকেন৷ একপর্যায়ে দুর্বৃত্তরা হুমায়ুনকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টেনে বের করে বারান্দায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন৷
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নূর নেওয়াজ প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা হুমায়ুন কবিরের মাথার পেছনে, ডান হাত ও দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়৷
এএসপি সুশান্ত সরকার বলেন, দুর্বৃত্তদের ধরার চেষ্টা চলছে৷