আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দীরাম চরে গত শুক্রবার রাতে মো. আবদুর রউফ মণ্ডল (৬০) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি গৌরীগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্থানীয় একটি জলাশয়ের দখল নিয়ে তাঁকে হত্যা করা হতে পারে বলে পুলিশের ধারণা।এ ঘটনায় নিহত রউফের স্ত্রী সুফিয়া খাতুন গতকাল শনিবার দুপুরে সাঁথিয়া থানায় হত্যা মামলা করেছেন। এতে বন্দীরাম চরের আবদুল মালেক, সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্দীরামপুর জলাশয়ের দখল নিয়ে ওই গ্রামের মো. গোলাম মোস্তফার সঙ্গে মো. সোহেল রানার বিরোধ চলছিল। গত ৩০ সেপ্টেম্বর মোস্তফার লোকজন শীতল হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে জখম করে। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সোহেলের নেতৃত্বে ১০-১৫ জন লোক গোলাম মোস্তফার সহযোগী আবদুর রউফের বাড়িতে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে জলাশয়ের দখল নিয়ে রউফকে হত্যা করা হয়েছে। মামলার সব আসামি পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত রউফের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।