আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চা পান করে দাম না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শফিকুল ইসলাম মোড়লকে (৪০) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুজন। বিএনপির নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।নিহত শফিকুল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আফতাবউদ্দিন মোড়লের ছেলে।আফতাবউদ্দিন মোড়ল জানান, গত রোববার তাঁর ছেলে শফিকুল ইসলামের চায়ের দোকানে গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুল আলম ও তাঁর সমর্থকেরা চা পান করেন। এরপর চায়ের দাম না দেওয়ায় তাঁদের সঙ্গে বিরোধ বাধে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের সমর্থকেরা শফিকুলকে মারপিট ও দা দিয়ে কুপিয়ে আহত করেন। তিনি ও তাঁর নাতি শামিদুল মোড়ল ঠেকাতে গেলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়। ওই দিন সন্ধ্যায় গ্রামবাসী তাঁদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় শফিকুলকে গত সোমবার খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বুধবার ভোরে ঢাকায় নেওয়া হয়। বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বিকেল পাঁচটার দিকে শফিকুল মারা যান।মাসুদুল আলম বলেন, ‘ক্রিকেট খেলা নিয়ে পারশেমারি গ্রামে বিরোধ বাধে। তা নিয়ে দুই পক্ষের মারপিট হয়। স্থানীয় একটি পক্ষ ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে মামলায় আমাকে আসামি করেছে।’শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জামালউদ্দিন আহমেদ জানান, আফতাবউদ্দিন মোড়ল বাদী হয়ে গত সোমবার ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতিমধ্যে চকবারা গ্রামের আবদুস সোবহান গাজী ও পারশেমারি গ্রামের মাসুম মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সুপার হাবিবুর রহমান খান বলেন, আফতাবউদ্দিন মোড়লের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রূপান্তর করা হবে।