আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সেলিমকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।গত শুক্রবার রাতে টগরা গ্রামে তাঁর নিজবাড়িতে এই ঘটনা ঘটে। রাতেই তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিয়াস উদ্দিন সেলিমের ভাতিজা কবিরুল ইসলাম জানান, রাতে তাঁর চাচা ও চাচি হেপি আক্তার ঘুমিয়ে ছিলেন। অন্য কক্ষে ছিলেন তাঁর দুই মেয়ে। সন্ত্রাসীরা রাত দুইটার দিকে ঘরের দক্ষিণ পাশ থেকে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শংকর কুমার বলেন, গিয়াস উদ্দিন সেলিমের মাথায় ও ডান হাতের আঙুলে কোপের দাগ রয়েছে। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ঘটনা শোনার পর তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শঙ্কর কুন্ডু ঘটনাস্থলে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন।