আ.লীগ নেতাকে ক্ষমা করবেন ডিসি, তবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারায় ভাতিজির বিয়ের অনুষ্ঠানে গুলি ছুড়ে উল্লাস করার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামীমুল ইসলাম ওরফে ছানাকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জহির রায়হান।
গুলি ছোড়ার ঘটনার পর কারণ দর্শানো নোটিশের জবাবে জেলা ম্যাজিস্ট্রেট গতকাল রোববার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেন বলে জানান জেলা প্রশাসনের এক কর্মকর্তা।
জেলা প্রশাসনের মুন্সিখানা শাখার কর্মকর্তা রাশিদুল ইসলাম বলেন, গুলি ছোড়ার ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত হচ্ছে ৩০০ টাকার স্ট্যাম্পে লিখিতভাবে মেয়র জানাবেন, তিনি আইন ও নীতিমালার বাইরে গিয়ে আর এ ধরনের কাজ করবেন না। তাহলেই তাঁকে ক্ষমা করে দেবেন জেলা ম্যাজিস্ট্রেট। সার্বিক বিষয় চিন্তা করে ও ঊর্ধ্বতন পর্যায়ে আলাপ করে তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, মেয়র যদি হলফনামায় লেখেন, উনি ভুলবশত গুলি ছুড়েছিলেন। এরপর আইন ও সীমালঙ্ঘন করে আর কোনো কাজ করবেন না। যদি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাহলে জেলা প্রশাসক তাঁকে এবারের মতো ক্ষমা করে দেবেন।
শামীমুল ইসলামের কাছে আজ সোমবার একটি চিঠি পাঠানো হচ্ছে। দুই থেকে তিন দিনের মধ্যে লিখিত হলফনামা নেওয়া হবে। রোটারি পাবলিক বা বিচারিক হাকিম কর্তৃক সত্যায়িত করে হলফনামা জমা দিতে হবে।
১০ জানুয়ারি রাতে বড় ভাইয়ের মেয়ের বিয়ের অনুষ্ঠানে শটগানের গুলি ছুড়ে উল্লাস করেন ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলাম। তিনি সেখানে পিস্তলও প্রদর্শন করেন। এমন দৃশ্য ফেসবুক লাইভে প্রচার করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। ঘটনার পরের দিন থানায় সাধারণ ডায়েরি করেন শামীমুল।
গুলি ছোড়ার ঘটনার পর ‘কেন তাঁর (শামীমুলের) অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে না’ তা জানতে চেয়ে আওয়ামী লীগের এই নেতাকে ১৫ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেন জেলা প্রশাসক জহির রায়হান। ২৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে উপস্থিত হয়ে লিখিত জবাব দেন শামীমুল। লিখিত জবাবে তিনি উল্লেখ করেন, ‘আমি একটি রাজনৈতিক দলের নেতা। প্রতিপক্ষরা আমাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেয়। গত ইউপি নির্বাচনের পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমার কাছে আগে থেকেই সংবাদ ছিল, আমাকে হত্যার উদ্দেশ্যে বিয়ের অনুষ্ঠানে হামলা হতে পারে। সে কারণে বিয়ের অনুষ্ঠানে আনন্দ উদ্যাপনের নামে গুলি ছুড়েছি।... গুলি ছোড়ার আগে অনুমতি নিতে হয়, এটি আমার জানা ছিল না। এ ধরনের ভুল আর হবে না।’ তিনি শেষবারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করেন।
মেয়রের এই জবাবের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেন।