আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কিষানি সভার কেন্দ্রীয় সভানেত্রী সামসুন্নাহার খান ডলিকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ লিটনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করে উপজেলা নাগরিক কমিটি। এ ঘটনায় ডলি বাদী হয়ে গত মঙ্গলবার লিটনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। লিটন স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদ গোলাম মাওলা রণীর সমর্থক হিসেবে পরিচিত।গত সোমবার বিকেলে দশমিনা উপজেলা পরিষদের মিলনায়তনে সমন্বয় কমিটির মাসিক সভায় লাঞ্ছিত হন ডলি। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সোমবার বিকেলে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, স্থানীয় আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজে ৩০ টন চাল মাটি ভরাট কাজের জন্য বরাদ্দ দেওয়া হলেও তার এক টনেরও কাজ হয়নি। অন্যদিকে ২২ জুলাই ওই কলেজের নির্মাণাধীন ভবন ভেঙে পড়েছে। এসব বিষয়ে তদন্ত কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। তখনই ওই কলেজের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল, জুতা নিক্ষেপ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে পুলিশ এসে তাঁকে রক্ষা করে। তিনি আরও অভিযোগ করেন, সমন্বয় কমিটির সদস্য না হয়েও সভায় হাজির ছিলেন লিটন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজমল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে তাঁরা কোনো প্রতিবাদ করতে পারেননি। এ বিষয়ে আবদুল আজিজ বলেন, ‘বিষয়টি ভালো হয়নি। এটা আমাদের কারও কাম্য ছিল না।’ ইউএনও মো. আফজাল হোসেন বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ নিয়ে হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এটা দুঃখজনক।’ঘটনার বিষয়ে মুঠোফোনে লিটন দাবি করেন, সাংসদের প্রতিনিধি হয়ে তিনি সভায় যোগ দেন। আর ডলিকে তিনি লাঞ্ছিত করেননি। ডলি ব্যক্তিগত আক্রোশ নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলে তাঁকে জুতা প্রদর্শন করেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।