রংপুর জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কয়েক শ বিক্ষুব্ধ মানুষ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানায়। রংপুরে যুবলীগের নেতা ও ব্যবসায়ী সাজিদ পারভেজ ওরফে যাদু হত্যার সঙ্গে আওয়ামী লীগের নেতা এম এ মজিদ জড়িত বলে অভিযোগ উঠেছে। এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল ভোরে লালমনিহাটের পাটগ্রাম থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিদের একজনের ভাষ্যমতে, এম এ মজিদের নির্দেশে টাকার বিনিময়ে সাজিদকে হত্যা করা হয়। ১৬ অক্টোবর রাতে বাবুপাড়ার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে শহরের ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ পাড়ার সাজিদকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যার প্রধান মদদদাতা হিসেবে মামলার এজাহারে এম এ মজিদের নাম রয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে শহরে একাধিক বিক্ষোভ মিছিল বের করা হয়। একসময় পুরো শহর মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একপর্যায়ে মানববন্ধন সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তব্য দেন দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে রেজওয়ানুল ইসলাম ও রেজাউল ইসলাম, ব্যবসায়ী নেতা সিরাজুল ইসলাম, মহিলা ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদা বেগম, পৌরসভার নারী কাউন্সিলর ফেরদৌসী বেগম প্রমুখ। এদিকে গতকাল ভোরে র্যাব রংপুর ক্যাম্প পাটগ্রামের একটি ভাড়া বাড়ি থেকে সাজিদ হত্যাকাণ্ডের দুই আসামি দুলাল চন্দ্র মহন্ত (২৫), পিচ্চি আপেল (২৫) এবং তাঁদের আশ্রয়দাতা বাদশাকে গ্রেপ্তার করে। গতকাল সকালে রংপুর র্যাব ক্যাম্প-৫ কার্যালয়ে গ্রেপ্তার ব্যক্তিদের সাংবাদিকদের মুখোমুখি করা হয়। এ সময় দুলাল চন্দ্র মহন্ত জানান, আওয়ামী লীগ ও মোটরশ্রমিক নেতা এম এ মজিদের নির্দেশে টাকার বিনিময়ে সাজিদকে হত্যা করা হয়।