আ.লীগ নেতাকে চাঁদা দেননি সাব রেজিস্ট্রার, ছাড়তে হলো এজলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতার মাহফিলের জন্য চাঁদা না দেওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের কাজ বন্ধ করে দিয়ে তাঁকে এজলাস ছাড়তে বাধ্য করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনাব্বর হোসেন দলের কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করেন।

তখন সাব-রেজিস্ট্রার আবদুল হাকিম কর্মরত ছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে তাঁকে গালাগালি করেন এবং মারধরের হুমকি দেন। একপর্যায়ে তাঁরা সাব-রেজিস্ট্রার আবদুল হাকিমকে ভূমি রেজিস্ট্রির কাজ বন্ধ করে এজলাস থেকে বেরিয়ে যেতে বাধ্য করেন।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মুনাব্বর হোসেন বলেন, ‘দলের ইফতার মাহফিলে সাব-রেজিস্ট্রারকে দাওয়াত দিয়ে আর্থিক সহায়তা করার অনুরোধ জানাতে তাঁর কাছে গিয়েছিলাম। স্থানীয় আওয়ামী লীগে দ্বন্দ্ব থাকায় প্রতিপক্ষ ঘটনাটিতে রং মিশিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।’

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান বলেন, দলীয় কর্মীদের সঙ্গে সাব-রেজিস্ট্রারের কথা-কাটাকাটি হয়। তবে ভূমি রেজিস্ট্রির কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ঠিক নয়।

সাব-রেজিস্ট্রার আবদুল হাকিম অভিযোগ করেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইফতার মাহফিলের জন্য তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা ভূমি রেজিস্ট্রির কাজে বাধা সৃষ্টি করে তাঁকে গালাগালি এবং মারধর করার হুমকি দেন।

পরে তাঁরা রেজিস্ট্রির কাজ বন্ধ করে তাঁকে এজলাস ছেড়ে যেতে বাধ্য করেন। ঘটনাটি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।