আ.লীগ নেতাকে চড় মারা সেই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিপন মজুমদারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে চড় মারার অভিযোগে ওই কর্মকর্তাকে অপসারণের দাবিতে প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন দলের নেতা-কর্মীরা।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা গতকাল শুক্রবার বলেন, ‘গত বুধবার তাঁকে (শিপন) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, উপজেলা সদরের কলেজপাড়ায় মাছ রক্ষার জন্য একটি বাঁধ দেওয়া হয়। এতে পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনে নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম গত মঙ্গলবার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ বর্মণ এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য খাইরুল আমীনকে পুলিশসহ ঘটনাস্থলে পাঠান। সেখানে নবীনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিপন মজুমদারের সঙ্গে খাইরুল আমীনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিপন খাইরুলকে চড় মারেন।এ ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই দিন থানার সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা পৌর প্রশাসকের সঙ্গে দেখা করে ঘটনার বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে ওই পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেন। শিপন মজুমদার ওই দিন বলেন, ‘যে বাড়ির পেছনে বাঁধ দেওয়া হয়েছে ওই বাড়ির গৃহকর্ত্রী অভিযোগ করেছেন খাইরুল তাঁকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি (খাইরুল) আমাকে সবার সামনে গালিগালাজ করেন ও হুমকি-ধমকি দেন। একপর্যায়ে আমি তাঁর ওপর হাত তুলতে বাধ্য হই।’